কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারের ঈদগাঁও থানা-সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত অপর তিনজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজনের মৃত্যু হয়।
নিহত ও আহত ব্যক্তিরা সবাই অটোরিকশার যাত্রী ও চালক। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা এবং নিহত ব্যক্তিদের মরদেহ থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।