কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।
আহতদের মধ্যে এক মা ও তার শিশুসন্তান রয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মজুমদার দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় অটোরিকশার তিন যাত্রী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর দুজনকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে একজন মা ও তার শিশুসন্তান রয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
ওসি সিফাতুল মজুমদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।