× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের উত্তাল গাজীপুর: পুলিশবক্সে ভাঙচুর-আগুন, টিয়ারশেল নিক্ষেপ

গাজীপুর ও শ্রীপুর প্রতিবেদক

প্রকাশ : ৪৮ মিনিট আগে

আপডেট : ৩৬ মিনিট আগে

গাজীপুরের টঙ্গী, গাজীপুরা, শ্রীপুর ও কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের টঙ্গী, গাজীপুরা, শ্রীপুর ও কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বেতন বৃদ্ধির দাবিতে এবং শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার জেরে গাজীপুরের টঙ্গী, গাজীপুরা, শ্রীপুর ও কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসময় আন্দোলনকারীরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ সময় হামলা-ভাঙচুরের মধ্যে পড়ে এক পথচারী আহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা আন্দোলন করছিলেন। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে কিছু বহিরাগত যুক্ত হলে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় পুলিশ বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

ওসি আরিফুর রহমান বলেন, “আন্দোলনকারীরা পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে সড়কে ফেলে আগুন ধরিয়ে দিয়েছিলেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছ”।

শ্রীপুরেও চলছে আন্দোলন

অন্যদিকে, শ্রীপুরে সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বাঘের বাজার, মেম্বারবাড়ী ও ভবানীপুর এলাকার কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন। এ সময় বাঘের বাজার এলাকায় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে মেম্বারবাড়ী এলাকার সিল্কেন সুইং, ভবানীপুরের আর অ্যান্ড জি (বিডি) গার্মেন্টস কোম্পানি লিমিটেড, বাঘের বাজারের মন্ডল ইন্টিমেন্টস ও গোল্ডেন রিফিট গার্মেন্টস এবং নতুন বাজার এলাকার মেঘনা হাই ফ্যাশন।

শ্রমিকরা ভবানীপুর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে অবস্থান নেওয়ার চেষ্টা করলে উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়। নতুন বাজার এলাকার পরমাণু কৃষি গবেষণা কেন্দ্রের সামনে শ্রমিকরা সড়কে উঠতে চাইলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেয়। এতে ঢাকা অভিমুখী লেনে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে শ্রমিকরা গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। শিরিরচালা এলাকায়ও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। প্রায় এক ঘণ্টা বিভিন্ন পর্যায়ে যান চলাচল বন্ধ থাকার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, আশপাশের অনেক পোশাক কারখানা ছুটি ঘোষণা না করায় শ্রমিকদের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। তাদের দাবি, বেতন বৃদ্ধির আন্দোলনে সব কারখানার শ্রমিকদের অংশগ্রহণ ও সমর্থন থাকা প্রয়োজন। কেউ সড়কে আন্দোলন করবেন, আর কেউ কারখানার ভেতরে কাজ করবেন- এ ধরনের পরিস্থিতি তারা মেনে নিতে রাজি নন। এ কারণে অনেক শ্রমিক কারখানার ভেতরে কাজ বন্ধ রেখে অবস্থান করছেন বলেও জানান তারা।

এদিকে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় শ্রমিক মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে নতুন করে উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার সকাল থেকে ইসলাম ও রিপন গার্মেন্টসে এক শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই দুটি কারখানাসহ আশপাশের কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকরা লাঠিসোঁটা হাতে আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করলে তারা উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।

কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হোসেন বলেন, শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে, গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে একের পর এক শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

তবে শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় সার্বিক পরিস্থিতি ও শ্রমিক আন্দোলনের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা