ভৈরবে শখের বশে গাঁজার গাছ লাগিয়ে অবশেষে আটক হয়েছেন হেলাল উদ্দিন নামে এক ব্যক্তি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবে শখের বশে গাঁজার গাছ লাগিয়ে অবশেষে আটক হয়েছেন হেলাল উদ্দিন (৪৭) নামে এক ব্যক্তি। সোমবার দুপুর ১টায় পৌর শহরের কালিপুর রামশঙ্করপুরের বাদশাবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।
হেলাল উদ্দিন ওই এলাকার লায়েছ মিয়ার
ছেলে। অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)
এ এইচ এম আজিমুল হক। সহায়তায় ছিলেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক
চন্দন গোপাল সুরসহ অন্যান্য সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
ও সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কালিপুর
রামশঙ্করপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাদশাবিল এলাকায় হেলাল উদ্দিনের
নিজ বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদে
জানা যায়, তিনি নিজে একজন মাদক সেবনকারী। হেলাল উদ্দিন শখের বশে একটি গাঁজার গাছ নিজ
বাড়ির আঙিনায় লাগিয়েছিলেন। আটকের পর তাকে থানায় নিয়মিত মামলার জন্য মাদক নিয়ন্ত্রণ
অধিদপ্তরের কার্যালয়ে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ভৈরব প্রশাসনের অভিযান নিয়মিতভাবে
অব্যাহত রয়েছে বলে জানান তিনি।