গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ মিনিট আগে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী। সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে নিজের ছবি পোস্ট করে আলোচনায় আসার পর তাকে আটক করে পুলিশ।
রবিবার সন্ধ্যার পর টঙ্গী বাজার এলাকায় সেনা কল্যাণ সংস্থার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সন্ধ্যায় তানিয়া আক্তার তাপসী টঙ্গীর সেনা সমবায় মার্কেটের সামনে এলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিকা আজাদ তাকে শনাক্ত করেন। পরে তিনি তাপসীকে পুলিশের হাতে সোপর্দ করেন।
পুলিশ জানায়, তানিয়া আক্তার তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেত্রী। তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। পরে ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ওসি আরিফুর রহমান বলেন, “রবিবার টঙ্গী সমবায় কমপ্লেক্সে ইউএস-বাংলা নামে একটি প্রতিষ্ঠানে চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া। এ সময় উপস্থিত ছাত্রদলের নেতৃবৃন্দ তাকে শনাক্ত করে আটক করেন এবং পরে পুলিশের কাছে হস্তান্তর করেন”।