× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছয় প্রতিবন্ধী ব্যক্তির পাশে জেলা পরিষদ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ১২ মিনিট আগে

আপডেট : ৯ মিনিট আগে

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শারীরিক প্রতিবন্ধকতা যেন থামিয়ে রাখতে না পারে চলার পথ, শিক্ষা কিংবা কর্মসংস্থানের সুযোগ। অসহায় ও প্রতিবন্ধী মানুষের চলাচল সহজ করা এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে কিশোরগঞ্জে ছয় প্রতিবন্ধী ব্যক্তির হাতে বিনামূল্যে হুইলচেয়ার তুলে দিয়েছে জেলা পরিষদ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

হুইলচেয়ার পেয়ে আনন্দ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাচলে দীর্ঘদিন ধরে নানা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে হুইলচেয়ার পাওয়ায় এখন চলাফেরা অনেক সহজ হবে। এ উদ্যোগের জন্য জেলা পরিষদ প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

উপকারভোগীদের স্বজনরা জানান, হুইলচেয়ার না থাকায় পরিবারের সদস্যদের বাইরে যাওয়া, চিকিৎসা নেওয়া কিংবা দৈনন্দিন কাজকর্ম করতে অনেক কষ্ট হতো। জেলা পরিষদের এই সহায়তা তাদের চলাচল সহজ করার পাশাপাশি দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে। এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন, বরং তাদের যথাযথ সুযোগ ও সহযোগিতা দেওয়া হলে তারাও সমাজের গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রতিবন্ধী মানুষের স্বাবলম্বী করার উদ্যোগের অংশ হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আজ ছয়জনের হাতে হুইলচেয়ার তুলে দিয়েছি। আমরা চাই, প্রতিবন্ধী মানুষ যেন নিজেরাই চলাচল করতে পারেন, স্কুলে যেতে পারেন, কর্মসংস্থানে যুক্ত হতে পারেন। তাদের জীবনযাত্রা সহজ করা এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করতেই আমাদের এই চেষ্টা।’

সমাজের সামর্থ্যবান মানুষের অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়ালে জীবনযাত্রা অনেক সহজ হবে। এতে সমাজ আরও সুন্দর হবে, দেশ এগিয়ে যাবে এবং প্রতিবন্ধী ব্যক্তিরাও নিজেদের সক্ষমতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারবেন।

জেলা পরিষদের প্রশাসক আরও বলেন, বাজিতপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য একটি বিদ্যালয় রয়েছে। সেখানে প্রায় ১১২ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। হুইলচেয়ার নিতে আসা একজন উপকারভোগী নিজেও শিক্ষকতা করেন। তার ইশারাভিত্তিক যোগাযোগের দক্ষতা দেখে মুগ্ধ হয়েছেন বলেও জানান তিনি।

প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান প্রশাসক। একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা