সাক্ষাৎকারে মো. সাইদুল হক
বার্ডোর নির্বাহী পরিচালক ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক। ফাইল ছবি
শৈশবে টাইফয়েডে আক্রান্ত হয়ে হারিয়েছেন দৃষ্টিশক্তি। চোখের আলো হারালেও জ্ঞানের আলোয় তিনি নিজেকে সমৃদ্ধ করেছেন। মো. সাইদুল হক সেই আলো ছড়িয়ে দিতে লড়ছেন দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন একুশে পদক (২০২৩) ও স্বাধীনতা পুরস্কার (২০২৬)। বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বার্ডোর নির্বাহী পরিচালক ও জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি কথা বলেছেন প্রতিদিনের বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন হাসনাত শাহীন
প্রতিদিনের বাংলাদেশ : দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ নিয়ে আপনি কাজ করেন। আপনার দীর্ঘ পথচলার পেছনের গল্প জানতে চাই।
মো. সাইদুল হক : সত্যি বলতে আবেগ থেকেই কাজ শুরু করেছিলাম। যখন লেখাপড়া শুরু করি, তখন আমাদের জন্য ব্রেইল পদ্ধতিতে বই পাওয়ার সুযোগ ছিল না। প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইনও ছিল না। ফলে পড়াশোনা থেকে শুরু করে সমাজে প্রতিষ্ঠিত হওয়াÑ সব ক্ষেত্রেই নানা বাধার মুখোমুখি হতে হয়েছে। সেই প্রতিকূলতা থেকেই সংকল্প করেছিলাম, আমার মতো অন্য মানুষদের জন্য কাজ করব। সেই ভাবনা থেকেই ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) প্রতিষ্ঠার উদ্যোগ নিই। আজ সরকার প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই সরবরাহ করছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছেন, অনেকে উত্তীর্ণ হয়ে প্রথম শ্রেণির চাকরিও করছেন। ২০০৭ সালে বাংলাদেশ জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ক সনদে স্বাক্ষর করে। এর ধারাবাহিকতায় ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন এবং নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন প্রণীত হয়। এসব পরিবর্তনের পেছনে দীর্ঘদিনের আন্দোলন ও সম্মিলিত প্রচেষ্টা রয়েছে।
প্রতিদিনের বাংলাদেশ : ২০২৩ সালে একুশে পদক ও ২০২৬ সালে স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। আপনাকে আমরা আরেকবার অভিবাদন জানাই।
সাইদুল হক : ধন্যবাদ। আমি মনে করি, এই পদক শুধু আমার নয়; এটি সব প্রতিবন্ধী মানুষের অর্জন। তাদের সঙ্গে নিয়ে, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছি বলেই এই স্বীকৃতি এসেছে।
প্রতিদিনের বাংলাদেশ : তখন ও এখনÑ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থার কতটা উন্নতি হয়েছে?
সাইদুল হক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তখন আমরা হাতে গোনা চার-পাঁচজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ছিলাম। এখন পরিস্থিতির অনেকটাই বদলেছে। মানুষের দৃষ্টিভঙ্গিও ইতিবাচক হয়েছে। আইন হয়েছে, শিক্ষার সুযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রও কিছুটা সম্প্রসারিত হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় আসছেন। তারা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছেন। তবে আমি চাই, দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধী মানুষ রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় পৌঁছবেন, সংসদ সদস্য হবেন, নীতিনির্ধারণে ভূমিকা রাখবেন। এজন্য প্রতিবন্ধী মানুষের জন্য পৃথক অধিদপ্তর ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিনীত দাবি জানাই।
প্রতিদিনের বাংলাদেশ : প্রতিবন্ধী মানুষের জন্য পৃথক প্রাতিষ্ঠানিক কাঠামো বাংলাদেশে পুরোপুরি বাস্তবায়ন হয়নি কেন?
সাইদুল হক : আমাদের দেশে রাজনৈতিক ও প্রশাসনিক ধারাবাহিকতার অভাব একটি বড় কারণ। রাজনৈতিক অস্থিতিশীলতা ও নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্বের কারণে অনেক উদ্যোগ পিছিয়ে যায়। আশা করি, পাঁচ থেকে সাত বছরের মধ্যে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে।
প্রতিদিনের বাংলাদেশ : বার্ডোর মাধ্যমে কী ধরনের কার্যক্রম পরিচালনা করছেন?
সাইদুল হক : আমরা শিক্ষা, প্রশিক্ষণ, পুনর্বাসন ও সচেতনতা নিয়ে কাজ করছি। আমাদের স্কুলে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুরা প্রথম শ্রেণি থেকে এইচএসসি পর্যন্ত পড়াশোনার সুযোগ পাচ্ছে। আমাদের প্রশিক্ষণকেন্দ্র রয়েছে, ব্রেইল বই উৎপাদন ও বিতরণের ব্যবস্থাও আছে। প্রতিবছর তিন থেকে চার হাজার ব্রেইল বই তৈরি করে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিই। আমাদের একটি চক্ষু হাসপাতাল রয়েছে।
প্রতিদিনের বাংলাদেশ : প্রতিবন্ধীদের নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
সাইদুল হক : প্রতিবন্ধী মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করতে চাই। কর্মসংস্থানের সুযোগ তৈরিতে একটি কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে। আমার স্বপ্ন, সমাজ হবে প্রতিবন্ধীবান্ধব, যেখানে একজন মানুষ তার প্রতিবন্ধিতার কারণে নয়, যোগ্যতা ও কাজের ভিত্তিতে মূল্যায়িত হবেন।
প্রতিদিনের বাংলাদেশ : দৃষ্টিপ্রতিবন্ধীদের উদ্দেশে যদি বিশেষ কিছু বলার থাকে।
সাইদুল হক : নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। লক্ষ্য অর্জনের জন্য পড়াশোনা করতে হবে, দক্ষতার বিকাশ ঘটাতে হবে। মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে হবে। বন্ধু, গণমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা জরুরি। বিশ্বাস করি, কোনো মানুষ যদি নির্দিষ্ট লক্ষ্য স্থির করেন এবং তা অর্জনের জন্য আন্তরিকভাবে চেষ্টা করেন, তাহলে তিনি অনেক দূর এগিয়ে যেতে পারেন।
বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে আমার প্রত্যাশা, সাদাছড়ি হাতে একজন মানুষের পথচলা যেন আর অনিশ্চয়তা, অবহেলা কিংবা বৈষম্যের প্রতীক না হয়। বরং তা হয়ে উঠুক স্বাধীনভাবে বাঁচার অধিকার, আত্মমর্যাদা ও সমান সুযোগের প্রতিচ্ছবি।