উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস সোফি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের জীবনসংগ্রাম, মানবিক সংকট এবং নারী ও শিশুদের সুরক্ষায় পরিচালিত বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য এডিনবরার ডাচেস সোফি।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত উখিয়ার ৪, ৫, ১৮ ও ২০ নম্বর বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় রোহিঙ্গা নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, খাদ্যনিরাপত্তা, জীবনযাত্রা এবং মানবিক সহায়তার নানা বিষয়ে খোঁজখবর নেন।
সফরের শুরুতে ১৮ নম্বর ক্যাম্পের একটি ব্লকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোডেক পরিচালিত লার্নিং সেন্টার পরিদর্শন করেন ডাচেস সোফি। সেখানে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পড়াশোনার পরিবেশ, শিক্ষার সুযোগ ও বিভিন্ন সুবিধা সম্পর্কে জানতে চান।
পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) পরিচালিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় নারীদের বহুমুখী কেন্দ্র, সাবান তৈরির কারখানা, নারী বাজার এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তায় পরিচালিত কার্যক্রম ঘুরে দেখেন। এসব উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা নারীদের দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সক্ষমতা তৈরি এবং স্বাবলম্বী করে তোলার প্রচেষ্টা সম্পর্কে তাকে অবহিত করা হয়।
ডাচেস সোফির সফর ঘিরে সকাল থেকেই রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে ও বাইরে জোরদার করা হয় নিরাপত্তা-ব্যবস্থা। ক্যাম্পের অভ্যন্তরে দায়িত্ব পালন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। অন্যদিকে ক্যাম্পের বাইরে মোতায়েন ছিল পুলিশ সদস্যরা।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক সিরাজ আমিন বলেন, “বিদেশি অতিথির সফর উপলক্ষ্যে ক্যাম্পের ভেতরে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ক্যাম্পের বাইরে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন”।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, “ডাচেস সোফির সফরকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়”।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “রোহিঙ্গা ক্যাম্পে নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা, শিক্ষা এবং মানবিক সহায়তায় দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা কাজ করছে। সফরকালে ডাচেস এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা এবং জীবনমান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো সম্পর্কে তিনি অবহিত হন”।
প্রসঙ্গত, যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) আমন্ত্রণে তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন ডাচেস সোফি। সফরে নারীর ক্ষমতায়ন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব এবং রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।
সফরের প্রথম দিন সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। বৈঠকে নারী ও কন্যাশিশুদের কল্যাণ, সুরক্ষা এবং ক্ষমতায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ডাচেস সোফি। সেখানে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় এবং নারী ক্ষমতায়নে তরুণদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন তিনি।
এর আগে ২০১৭ সালেও বাংলাদেশ সফর করেছিলেন যুক্তরাজ্যের রাজপরিবারের এই সদস্য।