× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা গণহত্যা মামলা: ১৯ নভেম্বর রায় দেবে আন্তর্জাতিক বিচার আদালত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৬ ১১:২০ এএম

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ছবি: রয়টার্স

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করবেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। 

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আদালতের শান্তি প্রাসাদে (পিস প্যালেস) স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় এক উন্মুক্ত শুনানিতে এ রায় ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক বিচার আদালতের ৩ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি রায়টি পাঠ করে শোনাবেন।

২০১৯ সালের ১১ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলাটি দায়ের করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত কথিত গণহত্যামূলক কর্মকাণ্ডের জন্য মিয়ানমারকে দায়ী করার পাশাপাশি দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানায় গাম্বিয়া।

মামলায় গাম্বিয়ার পক্ষ থেকে আদালতের কাছে কয়েকটি প্রতিকার চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- মিয়ানমার গণহত্যা সনদের অধীনে তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে বলে ঘোষণা, চলমান কোনো আন্তর্জাতিকভাবে বেআইনি কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের নির্দেশ, রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিগ্রস্তদের স্বার্থে ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে কার্যকর নিশ্চয়তা ও অঙ্গীকার আদায়।

গণহত্যা সনদের নবম অনুচ্ছেদের ভিত্তিতে মামলাটি পরিচালনার এখতিয়ার আদালতের রয়েছে বলে দাবি করে গাম্বিয়া। মামলার পাশাপাশি দেশটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা গ্রহণেরও আবেদন জানিয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৩ জানুয়ারি আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের প্রতি কয়েকটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা জারি করেন।

পরবর্তী সময়ে গাম্বিয়া মামলার লিখিত বক্তব্য জমা দিলে মিয়ানমার আদালতের এখতিয়ার ও মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রাথমিক আপত্তি তোলে। তবে ২০২২ সালের ২২ জুলাই দেওয়া রায়ে আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারের আপত্তি খারিজ করে দেন। আদালত জানান, গণহত্যা সনদের নবম অনুচ্ছেদের ভিত্তিতে এ মামলা পরিচালনার এখতিয়ার তার রয়েছে এবং গাম্বিয়ার আবেদন গ্রহণযোগ্য।

এরপর মামলার পরবর্তী বিচারিক কার্যক্রমে মিয়ানমার তাদের লিখিত জবাব (কাউন্টার-মেমোরিয়াল) জমা দেয়। পরে গাম্বিয়া ও মিয়ানমার যথাক্রমে রিপ্লাই ও রিজয়ন্ডার দাখিল করে।

এ মামলায় মোট ১১টি দেশ হস্তক্ষেপের ঘোষণা দেয়। দেশগুলো হলো- কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস ও যুক্তরাজ্য (যৌথভাবে), মালদ্বীপ, স্লোভেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বেলজিয়াম ও আয়ারল্যান্ড।

আন্তর্জাতিক বিচার আদালতের ২০২৪ সালের ৩ জুলাই এবং ২০২৫ সালের ২৫ জুলাইয়ের আদেশে এসব দেশের হস্তক্ষেপের ঘোষণা গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা