রাজশাহীর তানোর উপজেলায় আগুনে পুড়ে যাওয়া বিএনপি কার্যালয় ও পরিদর্শনের দৃশ্য। ছবি: সংগৃহীত
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একটি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
উপজেলার কলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজপুর গ্রামে মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায়।
স্থানীয় একটি একতলা ভবনের দোকানঘরে কার্যালয়টি স্থাপন করা হয়েছিল। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক ও তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।
উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোতালেব হোসেন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত। কলমা ইউনিয়নে তাদের কয়েকটি দলীয় কার্যালয় থাকলেও আজিজপুরের কার্যালয়টি সবচেয়ে বড় হওয়ায় সেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেন তিনি।
তানোর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, শেষরাতের দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।