ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। প্রয়োজনে তাকে দেশে ফেরার টিকিট দেওয়ার কথাও বলেছেন তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার ময়মনসিংহের নান্দাইলে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী।
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা মানুষ হত্যা করে পালিয়েছেন, এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে হুংকার দিচ্ছেন। বাংলাদেশের জনগণ আপনাদের হুংকার বুঝে গেছে। কাজেই আপনাদের এখন দেশে আসতেই হবে। গোপনে নয়, এখনই চলে আসুন। প্রয়োজনে আমরা টিকিট দিয়ে দেব।’
ইয়াসের খান চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে যারা মানুষের ভোটাধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, গুম-খুন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে নারী-শিশুর রক্ত ঝরিয়েছে, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে। পলাতকদের হ্যান্ডকাফ পরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
স্থানীয় নেতাকর্মী ও জনগণের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে যেকোনো ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা প্রতিহত করতে হবে। সন্দেহজনক কাউকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
নান্দাইলের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে প্রতিমন্ত্রী জানান, যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে ১৮৬টি রাস্তায় ইটের সলিং করা হয়েছে। আরও ১০৪টি রাস্তার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কারের অনুদান আনা হয়েছে।
তিনি জানান, গৃহহীনদের পুনর্বাসনে ৩৬টি ঘর দেওয়া হয়েছে। চলতি বছর আরও ১০৪টি ঘর নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জাহাঙ্গীরপুর ও চরবেতাগৈর সেতু নির্মাণ এবং ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন অনুমোদনের প্রক্রিয়া চলছে।