× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ

কানুনগো হাবিবুল্লাহ ও তার পরিবারের সম্পদের তথ্য চেয়েছে দুদক

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৬ ১৭:০২ পিএম

আপডেট : ০৭ নভেম্বর ২০২৬ ১৭:০৩ পিএম

এসএম হাবিবুল্লাহ।

এসএম হাবিবুল্লাহ।

স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনের নামে শতকোটি টাকার সম্পদ গড়ে তোলার অভিযোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কানুনগো এসএম হাবিবুল্লাহ ও তার পরিবারের সদস্যদের সম্পদের বিস্তারিত তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জমি, ফ্ল্যাট, বাড়ি, প্লট, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাবর-অস্থাবর সম্পদের মালিকানা ও বিবরণ সংগ্রহে উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

২০২৫ সালের ২ জানুয়ারি দৈনিক প্রতিদিনের বাংলাদেশে ‘কানুনগো হাবিবুল্লাহর এত সম্পদ’ শিরোনামে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে তার বিরুদ্ধে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে। ঢাকা, রাজবাড়ী, গাজীপুর, কক্সবাজার ও কুয়াকাটাসহ দেশের বিভিন্ন স্থানে জমি, ফ্ল্যাট, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থাকার তথ্য প্রকাশ করা হয় ওই প্রতিবেদনে। এর প্রায় দেড় বছর পর তার ও পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের বিস্তারিত তথ্য চেয়েছে দুদক।

চলতি বছরের ১৭ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, রংপুর থেকে বালিয়াকান্দি উপজেলা ভূমি অফিসে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে এসএম হাবিবুল্লাহ, তাঁর স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নামে কোন কোন মৌজায় রেকর্ডভুক্ত কিংবা নামজারিকৃত জমি রয়েছে, তার বিস্তারিত বিবরণ চাওয়া হয়েছে। একই সঙ্গে দালানকোঠা, স্থাপনা, প্লট, ফ্ল্যাট, বাড়ি, ব্যবসায়িক স্পেসসহ অন্যান্য স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য চেয়েছে কমিশন।

এ ছাড়া ইজারা সম্পত্তি, জলমহাল ও বালুমহালসহ বিভিন্ন ধরনের সম্পদের বিবরণও চাওয়া হয়েছে। দুদকের এই উদ্যোগের মধ্য দিয়ে হাবিবুল্লাহ ও তাঁর পরিবারের সম্পদের মালিকানা এবং বিস্তৃতি সম্পর্কে তথ্য সংগ্রহের বিষয়টি সামনে এসেছে।

শতকোটি টাকার সম্পদের অভিযোগ

দুদকে জমা দেওয়া অভিযোগের তথ্য অনুযায়ী, চাকরিজীবনে বিভিন্ন স্থানে পদায়নের সুবাদে ভূমি-সংক্রান্ত কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে নিজের এবং স্ত্রী-সন্তান ও আত্মীয়স্বজনের নামে বিপুল সম্পদ গড়ে তোলার অভিযোগ রয়েছে হাবিবুল্লাহর বিরুদ্ধে। অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের আনুমানিক মূল্য শতকোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

অভিযোগে ঢাকায় বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জমি ও প্লট থাকার তথ্য উল্লেখ করা হয়েছে। তার স্ত্রী সাহিদা সুলতানার নামে ঢাকার ১৫৯/১১ বিএল, মনিপুর এলাকায় ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট এবং উত্তরা হাউজিং সোসাইটিতে আরও দুটি ফ্ল্যাট থাকার অভিযোগ রয়েছে।

পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য ঢাকা মেট্রো গ-৩৪-৮১২৩ নম্বরের একটি গাড়ি এবং রংপুরে হাবিবুল্লাহর ব্যবহারের জন্য আরেকটি প্রাইভেট কার থাকার তথ্যও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার ছেলের নামে ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেল এবং স্ত্রী ও সন্তানদের নামে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার সঞ্চয়পত্র থাকার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, হাবিবুল্লাহর আয়কর রিটার্ন অনুযায়ী, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তার মোট সম্পদের পরিমাণ ছিল ২২ লাখ ৮৮ হাজার ৭৩০ টাকা। ওই সময়ে বেতন-ভাতাসহ বার্ষিক আয় দেখানো হয় ৪ লাখ ৪৪ হাজার ৯৬০ টাকা। এর বিপরীতে আয়কর দেন ১০ হাজার ৫৮৬ টাকা। আয় ও সম্পদের এই হিসাবের সঙ্গে অভিযোগে উঠে আসা সম্পদের বিবরণ মিলিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

রাজবাড়ীতেও বিপুল সম্পদের অভিযোগ

এসএম হাবিবুল্লাহর বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আলহাজ ছালামত আলী শেখের ছেলে। অভিযোগ অনুযায়ী, বালিয়াকান্দি উপজেলা সদর ৪৭ নম্বর মৌজার টেলিফোন এক্সচেঞ্জ এলাকা ও ভাই ভাই ফিলিং স্টেশন-সংলগ্ন এলাকায় তার নিজের, স্ত্রী সাহিদা সুলতানা, দুই ছেলে হাসিবুল হাসান ও রাকিবুল হাসান এবং শালিকা হামিদা পারভীনের নামে মূল্যবান জমি রয়েছে।

অভিযোগে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে স্থানীয় খন্দকার হাসান তারেকের কাছ থেকে ৬৩ লাখ ৪৬ হাজার টাকার জমি কেনেন হাবিবুল্লাহ। এর মধ্যে ২৯ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং বাকি ৩৩ লাখ ৯৬ হাজার টাকা গত ১২ ফেব্রুয়ারি শাহজালাল ইসলামী ব্যাংকের মিরপুর শাখায় নিজের হিসাব থেকে চেকের মাধ্যমে পরিশোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া বালিয়াকান্দি শহরে ১২ শতক জমির ওপর একতলা ভবন, বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় প্রায় ১০ একর কৃষিজমি এবং ইলিশকোল মৌজায় মার্কেটের একাধিক পজিশন ও কৃষিজমি থাকার অভিযোগ রয়েছে। বালিয়াকান্দি বাসস্ট্যান্ড ও সরকারি কলেজ-সংলগ্ন এলাকাতেও তার কোটি কোটি টাকার সম্পদ থাকার দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, বহরপুর ইউনিয়নের রায়পুর, ইলিশকোল, বালিয়াকান্দি সদর ও পাইককান্দি মৌজায় এক বছরে ১৭টি দলিলে নিজের, স্ত্রী ও সন্তানদের নামে কয়েক একর ভিটাসম্পত্তি কেনা হয়েছে। বাড়িতে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৩১টি গরুর খামার এবং ঢাকা, কেরানীগঞ্জ, কক্সবাজার ও কুয়াকাটায় পরিবারের সদস্যদের নামে প্রায় ২০ কোটি টাকার প্লট থাকার দাবিও রয়েছে।

আগেও দুদকে অভিযোগ

হাবিবুল্লাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগেও দুদকে একাধিক লিখিত অভিযোগ জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। সর্বশেষ গত ১০ জুন মো. জিল্লুল রহমান নামে এক ব্যক্তি দুদক চেয়ারম্যান বরাবর ঢাকায় কমিশনের কার্যালয়ে লিখিত অভিযোগ দেন। তাতে হাবিবুল্লাহর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূতভাবে শতকোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগ করা হয়।

অভিযোগকারীর দাবি, বালিয়াকান্দি সাব-রেজিস্ট্রি অফিস, বহরপুর ভূমি অফিস ও বালিয়াকান্দি ভূমি অফিস থেকে তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা সম্পদের তথ্য সংগ্রহ করলে অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হবে। ভূমি পরিদর্শন, খাসজমি বরাদ্দে মতামত ও তদন্তসহ বিভিন্ন কাজে ঘুষ গ্রহণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ।

হাবিবুল্লাহ ১৯৮৩ সালে রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৮৯ সালে রাজবাড়ী কালেক্টরেটে সহকারী তহশিলদার হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তহশিলদার ও কানুনগো পদে পদোন্নতি পান। চাকরিজীবনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, হাবিবুল্লাহর জমি কেনার প্রবণতা রয়েছে এবং আয়ের তুলনায় অনেক বেশি জমি কেনা হয়েছে। এসব অভিযোগ দুদকের মাধ্যমে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা