× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কানুনগো হাবিবুল্লাহর এত সম্পদ!

শাখাওয়াত হোসেন সোহান, রাজবাড়ী

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫ ১৩:৫৩ পিএম

আপডেট : ০২ জানুয়ারি ২০২৫ ১৭:২৮ পিএম

এস এম হাবিবুল্লাহর।

এস এম হাবিবুল্লাহর।

রাজবাড়ী কালেক্টরেটে সহকারী তহশিলদার হিসেবে চাকরিজীবনের শুরু এস এম হাবিবুল্লাহর। পদোন্নতি পেয়ে বর্তমানে রংপুরে তিনি কানুনগো হিসেবে কর্মরত। এরই মধ্যে তহশিলদার হিসেবে কাজ করেছেন রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ মতিঝিল বাণিজ্যিক এলাকাসহ বিভিন্ন এলাকায়। অন্যদিকে নিজের নামে তো বটেই, স্ত্রী সন্তান ও আত্মীয়স্বজনের নামেও গড়ে তুলেছেন শতকোটি টাকার সম্পদ। চলতি বছরের ১০ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) বরাবর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মো. জিল্লুল রহমান লিখিতভাবে অভিযোগ করেছেন, বেআইনিভাবে সম্পদের পাহাড় গড়েছেন এস এম হাবিবুল্লাহ।

অভিযোগ ও অনুসন্ধান সূত্রে জানা গেছে, এস এম হাবিবুল্লাহর বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামে। তার পিতা মৃত আলহাজ ছালামত আলী শেখ। তিনি বর্তমানে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কানুনগো পদে কর্মরত রয়েছেন। হাবিবুল্লাহ জ্ঞাত আয় বহির্ভূতভাবে শতকোটি টাকা সম্পদের মালিক বনে গেছেন। ঢাকা, গাজীপুর, রাজবাড়ীসহ বিভিন্ন জায়গায় জমি, প্লট, ফ্ল্যাটসহ অঢেল সম্পদ রয়েছে তার।

অভিযোগ সূত্রে ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এসএম হাবিবুল্লাহর স্ত্রী সাহিদা সুলতানার নামে রয়েছে অন্তত তিনটি ফ্ল্যাট। রাজধানীর ১৫৯/১১ বিএল মনিপুরে ৭৮ লাখ ৬৬ হাজার টাকা মূল্যের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে সাহিদার। উত্তরা হাউজিং সোসাইটিতেও রয়েছে একটি ফ্ল্যাট। তার পরিবার থাকে ঢাকায়। চলাফেরা করে ব্যক্তিগত দামি প্রাইভেটকারে (রেজিস্ট্রেশন নম্বর : ঢাকা মেট্রো গ- ৩৪-৮১২৩)। এলাকায় প্রাইভেটকার ছাড়া তিনি চলাফেরা করেন না। তার ছেলের রয়েছে ইয়ামাহা ব্রান্ডের জ ১৫ মোটরসাইকেল (নম্বর : ঢাকা মেট্রো ল-৪৫-৫৫০৮)। স্ত্রী সাহিদা ও সন্তানের নামে রয়েছে বিভিন্ন ব্যাংকে কোটি টাকার সঞ্চয়পত্র। তার স্ত্রীর টিআইএন ১৩৭২৭৭৬৩৪৮৭৮। ঢাকা ট্যাক্স জোন-৪Ñএর সেলারি সার্কেল-৭৬Ñএ হাবিবুল্লাহর টিআইএন ৬৮২২৩৮৭৫৭৫৮১। হাবিবুল্লাহর আয়কর রিটার্নে মোট সম্পদ রয়েছে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সময়কালের তথ্য মোতাবেক ২২ লাখ ৮৮ হাজার ৭৩০ টাকা। তার মোট বেতনভাতাসহ বাৎসরিক আয় ৪ লাখ ৪৪ হাজার ৯৬০ টাকা। এর মধ্যে ১০ হাজার ৫৮৬ টাকা তিনি আয়কর প্রদান করেন।

সূত্রমতে, এসএম হাবিবুল্লাহ এতই প্রভাবশালী যে, দুদকে এর আগে বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়লেও অদৃশ্য কারণে তা গায়েব হয়ে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের কানুনগো পদে কর্মরত থাকায় ভূমি পরিদর্শন, খাসজমি বরাদ্দে মতামত, তদন্তসহ নানাবিধ গুরুত্বপূর্ণ ফাইল ও সিদ্ধান্ত দেওয়ার সময় মোটা অঙ্কের টাকার বিনিময়ে তিনি সব কাজ সম্পন্ন করে থাকেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবেদন ও খাসজমি বরাদ্দে তিনি নেন লাখ লাখ টাকা। তার প্রতিবেদনের বিরুদ্ধে কথা বললে তিনি নানাভাবে হেনস্থা করে থাকেন। অবৈধভাবে বেশি টাকা কামাতে তিনি রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় কাটিয়েছেন চাকরি জীবনের অধিকাংশ সময়। অন্য কোথাও বদলি হলেও তিনি মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে পুনরায় ঢাকা শহরে বদলি হয়ে আসেন। বর্তমান কর্মস্থল রংপুর জেলা থেকেও ফের ঢাকায় বদলির জন্যে তিনি জোর চেষ্টা চালাচ্ছেন ।

তথ্যানুসন্ধানে জানা গেছে, বালিয়াকান্দি উপজেলা সদরে ও সদর ইউনিয়নের ৪৭ নং মৌজার টেলিফোন একচেঞ্জ এলাকায় ও বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশন এলাকায় তার ও তার স্ত্রী সাহিদা সুলতানা, তার সন্তান হাসিবুল হাসান ও রাকিবুল হাসান এবং শ্যালিকা হামিদা পারভীনের নামে রয়েছে বাড়ি করার মতো উচ্চমূল্যের ভিটা, জমিসহ কোটি টাকার জমি। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি স্থানীয় এক ব্যক্তি খন্দকার হাসান তারেকের কাছ থেকে ৬৩ লাখ ৪৬ হাজার টাকার জমি কিনেছেন। যার মূল্য হিসেবে ২৯ লাখ ৫০ হাজার টাকা নগদ ও গত ১২ ফেব্রুয়ারি শাহজালাল ইসলামী ব্যাংকের মিরপুর ব্রাঞ্চের একাউন্ট (নং ৪০১৬১২১০০০১৬৮৫৮) থেকে ৩৩ লাখ ৯৬ হাজার টাকার চেক দিয়েছেন। অভিযোগ, হিসাবটিতে তিনি দুর্নীতির মাধ্যমে উপার্জিত টাকা জমা করে থাকেন। 

হাবিবুল্লাহ একসময় বালিয়াকান্দি বাজারের তালপট্টিতে ভাড়া বাসায় থাকলেও বর্তমানে থাকেন নিজের বাড়িতেই। একটি একতলা ভবনসহ ১২ শতক জমির এই বাড়িটির ক্রয়মূল্য ছিল ২৮ লাখ টাকা। নিজের এলাকা বহরপুর ইউনিয়নের রায়পুর মৌজায় নিজের ও তার স্ত্রী ও সন্তানের নামে রয়েছে ১০ একর কৃষিজমি। বহরপুরের ইলিশকোল মৌজায় একের পর এক মার্কেটের পজেশন জমিসহ কৃষিজমিও কিনেছেন তিনি। বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকা, বালিয়াকান্দি সরকারি কলেজ সংলগ্ন এলাকায় তার কোটি কোটি টাকা মূল্যের সম্পদসহ মার্কেট রয়েছে। তবে কৌশলী হওয়ায় অধিকাংশ জমিরই তিনি নামজারি সম্পন্ন করেননি। অনুসন্ধান করলে বালিয়াকান্দি সাব রেজিস্ট্রি অফিস, বহরপুর ভূমি অফিস ও বালিয়াকান্দি ভূমি অফিস থেকে তার ও তার স্ত্রী-সন্তানের সম্পত্তির যাবতীয় তথ্য পাওয়া সম্ভব। তার স্ত্রী সাহিদা সুলতানার নামে বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনের আশপাশেও জমি রয়েছে।

অভিযোগ, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর, ইলিশকোল, বালিয়াকান্দি সদর ও পাইককান্দি মৌজায় হাবিবুল্লাহ মাত্র এক বছরেই ১৭টি দলিলে কয়েক একর ভিটা সম্পত্তি কিনেছেন নিজ, স্ত্রী ও সন্তানদের নামে। তার বাড়িতে একটি বড় গরুর খামার রয়েছে। যেটিতে ৩১টি গরু রয়েছে। খামার পরিচর্যা বা দেখভালোর জন্য প্রতি মাসে ১৫ হাজার টাকা বেতনে একজন কর্মচারীও রেখেছেন তিনি। তার গরু ও ফার্মের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। তার ছেলে প্রতি বছর ৬-৭ বার মালয়েশিয়া যাতায়াত করেন এবং আইফোন ম্যাক্স প্রো ২৫৬ জিবির দুটি মোবাইল ফোন ব্যবহার করেন। অভিযোগ, ঢাকা, কেরানীগঞ্জ, কক্সবাজার এবং কুয়াকাটা এলাকায় ২০ কোটি টাকার প্লট আকারে সম্পদ রয়েছে হাবিবুল্লাহর পরিবারের সদস্যদের নামে।

হাবিবুল্লাহ স্থানীয় বালিয়াকান্দি থেকে শিমুল সেখ, মনিরুদ্দীন, আজিজ, মোতাহারদের কাছে থেকে ১ কোটি টাকার জমি ও নিজ গ্রামের বকু, অলি, মোতালেবের নিকট থেকে ৩০ থেকে ৪০ লাখ টাকার জমি কিনেছেন। তারা স্বামী-স্ত্রী হজ করে এসেছেন এবং সেখানে ১৫ লাখ টাকা খরচ করেছেন। রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের একটি স্মারক মূলে (নং ০৫.৪৭.০০০০.০০৮.০১.০০১.২০.৩৯১) ২০২৩ সালের ১১ জুন তারিখে হজ পালনের জন্য তাকে ৪৫ দিন ছুটি দেওয়া হয়।

এসব বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রংপুরে কর্মরত হাবিবুল্লাহ জানান, ১৯৮৩ সালে রাজবাড়ী সরকারী কলেজ থেকে তিনি এইচএসসিতে উত্তীর্ণ হন। ১৯৮৯ সালে তিনি সহকারী তহশিলদার হিসেবে রাজবাড়ী কালেক্টরেটে চাকরিতে যোগ দেন। ২০১১-১২ সালে তিনি তহশিলদার হিসেবে ছিলেন রাজধানী ঢাকার মতিঝিলে। বর্তমানে রংপুরে কানুনগো হিসেবে কর্মরত।

তিনি জানান, স্থানীয় জমিজমা নিয়ে বিরোধের কারণে মাসুদ নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে নামে-বেনামে অভিযোগ করে হয়রানি করে চলেছে। এ ছাড়া স্ত্রী ও ছেলের নামে জমি কেনার কথা উল্লেখ করলেও তাদের বৈধ কোনো আয়ের উৎস উল্লেখ করতে পারেননি।

দুদক ফরিদপুর জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ জানান, অভিযোগের বিষয়ে প্রধান কার্যালয় থেকে এখনও কোনো নির্দেশনা পাওয়া যায়নি। নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা