বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে গায়েবিভাবে দুটি কবর জেগে ওঠার দাবিকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।
বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। অবশেষে প্রশাসনের উপস্থিতিতে কবর দুটি গুঁড়িয়ে দিয়েছেন সজীব বেপারী।
মঙ্গলবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান ওই বাড়িতে যান। সেখানে বসতঘরের মেঝেতে দুটি কবর দেখতে পান তারা। এ সময় সজীব বেপারী ও তার মা শিউলী বেগমের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। সজীব নিজেই কবর দুটি তৈরির কথা স্বীকার করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে তিনি কবর দুটি কুপিয়ে ভেঙে গুঁড়িয়ে দেন।
কবর তৈরির কারণ সম্পর্কে সজীব কোনো ব্যাখ্যা দেননি। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়েছেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস ধরে কথিত ধ্যানে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিদিন প্রায় অর্ধশত নারী-পুরুষ তার কাছে চিকিৎসা নিতে আসতেন। প্রতি সোমবার রাতে রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত।
গত ২৬ অক্টোবর সকাল ১০টা ও রাত ১২টার দিকে সজীবের বসতঘরের মেঝেতে দুটি কবর গায়েবিভাবে জেগে উঠেছে বলে প্রচার করে তার পরিবার। সজীব দাবি করেন, একটি কবর বড় পীর আব্দুল কাদের জিলানীর, অন্যটি খাজা মইনউদ্দিন চিশতীর।
বিষয়টি ছড়িয়ে পড়লে কবর দুটি দেখতে বাড়িতে ভিড় করেন উৎসুক জনতা। একই সঙ্গে সজীবের কাছে চিকিৎসা নিতে আসা মানুষের সংখ্যাও বাড়তে থাকে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল জানান, মানুষ যেন প্রতারিত না হয়, সে জন্য সজীবকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি কবর তৈরির কথা স্বীকার করে নিজেই সেগুলো ভেঙে ফেলেছেন। ভবিষ্যতে এমন কাজ না করার বিষয়ে সজীব ও তার পরিবারের সদস্যদের কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।