× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘরে ‘জেগে উঠল’ দুই কবর, এলাকায় তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ২২:২৮ পিএম

আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ২২:৩২ পিএম

ঘরে ‘জেগে উঠল’ দুই কবর, এলাকায় তোলপাড়

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘অলৌকিকভাবে’ দুটি কবর জেগে ওঠার দাবি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি নিয়ে পক্ষে-বিপক্ষে নানা মতামত থাকলেও কবর দেখতে এবং রোগমুক্তির আশায় ঝাড়ফুঁক ও তেলপড়া নিতে সেখানে ভিড় করছেন নারী-পুরুষ। তবে স্থানীয় অনেকে ঘটনাটিকে মিথ্যা ও ভুয়া বলে দাবি করছেন।

ঘটনাটি উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ছালাম বেপারীর বাড়িতে।

পরিবারের দাবি, গত ২৬ অক্টোবর সকালে বসতঘরের মেঝেতে একটি এবং একই দিন রাত ১২টার দিকে আরেকটি কবর জেগে ওঠে। কবর দুটি বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মাইনউদ্দিন চিশতীর বলে দাবি করেছেন ছালাম বেপারীর ছেলে সজীব।

সোমবার বিকালে স্থানীয় একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ভ্যানচালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস ধরে ‘ধ্যানে বসে’ বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছিলেন। প্রতিদিন ৪০ থেকে ৫০ জন নারী-পুরুষ তার কাছে চিকিৎসা নিতে আসতেন। প্রতি সোমবার রোগীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যেত।

সজীবের পরিবারের সদস্যদের দাবি, এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বাড়িতে কবর দেখতে উৎসুক মানুষের ভিড় বেড়েছে। একই সঙ্গে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঘরের মেঝেতে থাকা দুটি কবর নতুন গামছা ও ফুলের মালা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর মধ্যে একটি দুই হাত ও অন্যটি তিন হাত লম্বা। কবর দুটির পাশে বাঁশের খুঁটির সঙ্গে রশি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে।

সজীবের মা শিউলী বেগমের দাবি, তার ছেলে দীর্ঘদিন অসুস্থ ছিল। বিভিন্ন স্থানে চিকিৎসা নিয়েও সুস্থ হয়নি। ছয় মাস আগে নিজ বাড়িতে স্বপ্নপ্রাপ্ত হয়ে ‘ধ্যানে’ বসে সে সুস্থ হয় এবং বিভিন্ন মানুষকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছে।

সজীব বেপারীর ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি ধ্যানে বসে লোকজনকে বিভিন্ন রোগের চিকিৎসা দিয়ে আসছেন। তার দাবি, “হঠাৎ করে ২৬ অক্টোবর সকালে আমার বসত ঘরের মেঝেতে একটি কবর জেগে ওঠে। একইদিন রাতে আরেকটি কবর একই ঘরের মেঝে জেগে ওঠে। কবর দুটি হল বড় পীর আব্দুল কাদের জিলানী ও খাজা মাইনউদ্দিন চিশতীর।”

আগৈলঝাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক বলেন, ইসলামের দৃষ্টিতে এ ধরনের ঘটনার কোনো নজির বা ভিত্তি নেই। প্রশাসন তদন্ত করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, পুরো ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, সরেজমিন পরিদর্শনের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা