প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ
রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ ১৭:০৩ পিএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬ ১৭:০৪ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে পাউবোর জমি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করা হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। তোরাবগঞ্জ বাজার এলাকায় সোমবার দুপুর ১২টার দিকে পরিচালিত অভিযানে এস্কেভেটর দিয়ে এসব স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
এর আগে শনিবার ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর অনলাইন সংস্করণে ‘পাউবোর জমি দখল করে অবৈধ স্থাপনা, নীরব প্রশাসন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এরপরই প্রশাসন উচ্ছেদ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত উজ জামানের নেতৃত্বে সোমবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালিত হয়। এতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলমের নেতৃত্বে ১০-১৫ জন পুলিশ সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আবদুর রহিম উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তোরাবগঞ্জ বাজারের উত্তর মাথায় লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কসংলগ্ন জিয়ার খালের পাড়ে পাউবোর জমি দখল করে দোকানঘর নির্মাণ শুরু করেন স্থানীয় মাংস ব্যবসায়ী মো. বাহার। তিনি তোফায়েল কসাইয়ের ছেলে ও তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা। সেখানে টিনের বেষ্টনী ও ইটের দেয়াল তুলে অন্তত ২০টি পাকা ও আধাপাকা দোকান নির্মাণ করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযান চলাকালে বাহারের পরিবারের নারী-পুরুষ সদস্যরা জড়ো হয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে বাহারের ছেলে মো. সাহেদ নির্মাণাধীন স্থাপনার ভেতরে প্রবেশ করলে ইটের খোয়া লেগে আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় বাসিন্দা আওলাদসহ কয়েকজন জানান, স্থাপনা রক্ষায় দখলদারের পরিবারের সদস্যরা লোকজন জড়ো করে অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করেন। তবে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে তা সফল হয়নি।
পাউবোর উপসহকারী প্রকৌশলী আবদুর রহিম বলেন, সরকারি জমিতে অবৈধভাবে নির্মিত দোকানঘরগুলো উচ্ছেদ করা হয়েছে। বাধার চেষ্টা সত্ত্বেও অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে।
ইউএনও মো. রাহাত উজ জামান বলেন, সরকারি জমি অবৈধভাবে দখলের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান স্পষ্ট। অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।