× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাউবো'র জমি দখল করে অবৈধ স্থাপনা, নিরব প্রশাসন

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ ২১:০৭ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬ ২১:০৭ পিএম

লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে অন্তত ২০টি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মাংস ব্যবসায়ী মো. বাহারের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে অন্তত ২০টি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মাংস ব্যবসায়ী মো. বাহারের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখল করে অন্তত ২০টি দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় মাংস ব্যবসায়ী মো. বাহারের বিরুদ্ধে। লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পাশে প্রকাশ্যে এসব পাকা ও আধাপাকা স্থাপনা নির্মাণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেয়নি পাউবো ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

উপজেলার তোরাবগঞ্জ বাজারের উত্তরে আঞ্চলিক সড়কের পূর্ব পাশে পাউবোর জমিতে এসব স্থাপনা নির্মাণ করা হচ্ছে।

শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, টিন দিয়ে ঘেরা জায়গার ভেতরে ইটের দেয়াল তুলে দোকানঘর নির্মাণের কাজ চলছে। শ্রমিকরা জানান, গত ৭-৮ দিন ধরে নির্মাণকাজ চলছে। এরই মধ্যে কাজ প্রায় শেষ পর্যায়ে।

স্থানীয়দের অভিযোগ, পাউবোর কর্মকর্তা ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করেই সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ করছেন বাহার। সম্প্রতি পুনর্খনন করা জিয়ার খালের পাড় থেকে প্রধান সড়ক পর্যন্ত জমি দখল করে এসব দোকানঘর নির্মাণ করা হচ্ছে। আগেও সেখানে কয়েকটি ঘর নির্মাণ করা হয়েছিল।

অভিযুক্ত বাহার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তোফায়েল কসাইয়ের ছেলে। এলাকায় তিনি ‘কসাই বাহার’ নামে পরিচিত।

তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী মোসলেহ উদ্দিন বলেন, সরকারি জমি দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করছেন বাহার। প্রতিবাদ করতে গেলে উল্টো চাঁদাবাজির অপপ্রচার চালানো হয়। অথচ পাউবোর কর্মকর্তারা নীরব রয়েছেন।

অভিযোগের বিষয়ে বাহার সরকারি জমিতে ঘর নির্মাণের কথা স্বীকার করে বলেন, ‘সরকারি জায়গায় ঘর তুলতেছি, কী হয়েছে! এটা একটা বুঝ করেই তুলতেছি। সরকার জানে আর আমরা জানি।’

লক্ষ্মীপুর পাউবোর সার্ভেয়ার (রাজস্ব) মো. কামরুল আলম মিঠু বলেন, লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের পূর্ব পাশের জায়গাটি পাউবোর। তবে অবৈধ দখল ঠেকানোর মতো সক্ষমতা তাদের নেই। দখল উচ্ছেদের জন্য পরে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ জামান বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, সম্প্রতি বাজারে মাংস কম দেওয়ার প্রতিবাদ করায় এক ক্রেতাকে পিটিয়ে আহত করার অভিযোগে আলোচনায় আসেন বাহার। ওই ঘটনায় ভুক্তভোগীর করা মামলায় তাকে কারাবরণও করতে হয়েছিল।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা