সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ ১৪:৫০ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৬ ১৫:২৩ পিএম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শুরু হয়েছে আগাম সবজি চাষ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোরের আলো ফোটার আগেই ঘুম ভাঙে তাদের। কাঁধে কোদাল, হাতে সবজির চারা কিংবা কৃষিকাজের সরঞ্জাম নিয়ে ছুটে যান মাঠে।কেউ জমি প্রস্তুত করছেন, কেউ সার ও সেচ দিচ্ছেন, আবার কেউ সারি সারি জমিতে রোপণ করছেন ফুলকপির চারা। কোথাও বাঁধাকপি, কোথাও টমেটো, করলা, শসা, পেঁপে কিংবা শাকসবজির পরিচর্যা চলছে। রোদ-বৃষ্টি উপেক্ষা করে দিনভর মাটির সঙ্গে মিশে থাকেন তারা। তাদের ঘামে মাঠে ফসল ফলে। কিন্তু সেই ফসল ঘরে তোলার পর লাভের হিসাব মিলবে কি না, তা নিয়ে কাটে অনিশ্চয়তায়।
কৃষকের প্রতিটি শ্রমের পেছনে রয়েছে সংসার চালানোর তাগিদ, সন্তানদের পড়াশোনার খরচ জোগানো, ধারদেনা পরিশোধ আর একটু ভালোভাবে বেঁচে থাকার প্রত্যাশা। জমিতে বীজ বোনার সময় তারা স্বপ্ন দেখেন ভালো ফলনের। ফসল বাজারে তোলার সময় অপেক্ষা করেন ন্যায্যমূল্যের। কিন্তু সার, বীজ, কীটনাশক, সেচ, ডিজেল ও শ্রমিকের মজুরিসহ উৎপাদন খরচ বাড়তে থাকায় সেই প্রত্যাশা পূরণ হবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের।
শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় শুরু হয়েছে আগাম সবজি চাষের কর্মযজ্ঞ। উপজেলার বিভিন্ন এলাকার মাঠে মাঠে চলছে জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যার কাজ। মৌসুমের শুরুতেই সবজি বাজারে তুলে তুলনামূলক ভালো দাম পাওয়ার আশায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ ৩২ শতাংশ জমিতে ফুলকপি ও হলুদ রঙের ফুলকপি চাষের প্রস্তুতি নিয়েছেন, কেউ ৩৫ শতাংশ জমিতে করেছেন ফুলকপির আবাদ। আবার কেউ একই জমিতে বিভিন্ন জাতের সবজি উৎপাদনের পরিকল্পনা করছেন।
তবে মাঠজুড়ে কর্মচাঞ্চল্য থাকলেও কৃষকের মনে স্বস্তি নেই। কারণ, ফসলের ফলন যেমন আবহাওয়া ও রোগবালাইয়ের ওপর নির্ভর করে, তেমনই লাভ-লোকসানের হিসাব নির্ভর করে বাজারদরের ওপর। উৎপাদন ভালো হলেও বাজারে দাম কমে গেলে লোকসান গুনতে হয়। আবার প্রত্যাশিত দাম পাওয়া গেলেও উৎপাদন খরচ বাদ দিয়ে হাতে খুব বেশি টাকা থাকে না। ফলে আগাম সবজি চাষ তাদের কাছে একদিকে বাড়তি আয়ের সম্ভাবনা, অন্যদিকে আর্থিক ঝুঁকি।
পাকুন্দিয়ার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের সবচেয়ে বড় উদ্বেগ শুধু ফসল উৎপাদন নয়, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়া। মাঠে ফসল ফলানোর পরিশ্রম ও বিনিয়োগ কৃষকের হলেও বিক্রির সময় বাজারদরের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে দামের ওঠানামাÑ সব মিলিয়ে চাপে রয়েছেন তারা।
ছয় সদস্যের পরিবারের ভরসা ৩২ শতাংশ জমি
পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বড় আজলদী গ্রামের কৃষক কাঞ্চনের জীবিকার প্রধান অবলম্বন কৃষিকাজ। এবার প্রায় ৩২ শতাংশ জমিতে আগাম ফুলকপি ও হলুদ রঙের ফুলকপি চাষের পরিকল্পনা করেছেন তিনি। জমি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ ও পরিচর্যাÑ সব কাজেই ব্যস্ত সময় পার করছেন। ফসল ভালো হলে বাজারে বিক্রি করে সংসারের খরচ জোগানোর আশা তার।
তবে আবহাওয়া অনুকূলে থাকবে কি না, ফসলে রোগবালাই দেখা দেবে কি না কিংবা বাজারে সবজির দাম কেমন হবেÑ এসব অনিশ্চয়তার মধ্যেই তাকে চাষাবাদ চালিয়ে যেতে হচ্ছে। ছয় সদস্যের পরিবারের দায়িত্ব তার কাঁধে। কৃষিকাজ ছাড়া আয়ের অন্য কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় লোকসানের আশঙ্কা থাকলেও মাঠ ছাড়ার সুযোগ নেই।
কাঞ্চন বলেন, এবার আগাম ফুলকপি ও হলুদ রঙের ফুলকপি চাষ করব। প্রায় ৩২ শতাংশ জমিতে এসব সবজি করি। লাভ হবে, নাকি লোকসান হবে, তার কোনো ঠিক নেই। লাভ হলেও চাষ করি, লোকসান হলেও করতে হয়। আমরা কৃষক মানুষ, কৃষিকাজ করতেই হবে। এ ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমার পরিবারের ছয়জন সদস্য। এই কৃষিকাজ করেই সংসার চালাতে হয়।
৩৫ শতাংশ জমিতে খরচ ৩০ হাজার, বিক্রির আশা ৫০-৬০ হাজার টাকা
একই এলাকার কৃষক নাসির উদ্দিনের হিসাবেও আগাম সবজি চাষে বাড়ছে ব্যয়ের চাপ। তিনি ৩৫ শতাংশ জমিতে ফুলকপি চাষ করেছেন। পাশাপাশি হলুদ ও বেগুনি রঙের ফুলকপিসহ বিভিন্ন জাতের সবজি চাষের পরিকল্পনা রয়েছে তার। মৌসুমের শুরুতে এসব সবজি বাজারে তুলতে পারলে তুলনামূলক ভালো দাম পাওয়া যাবেÑ এমন প্রত্যাশা থেকেই আগাম চাষে আগ্রহী হয়েছেন তিনি।
নাসির উদ্দিনের হিসাব অনুযায়ী, ৩৫ শতাংশ জমিতে সবজি উৎপাদনে অন্তত ৩০ হাজার টাকা খরচ হতে পারে। ফলন ভালো হলে এবং বাজারদর অনুকূলে থাকলে সেই জমির সবজি বিক্রি করে ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া সম্ভব। তবে বিক্রির পুরো অর্থই লাভ নয়। উৎপাদনের যাবতীয় খরচ বাদ দেওয়ার পরই প্রকৃত লাভের হিসাব মিলবে।

নাসির উদ্দিন বলেন, আমরা আগাম ফুলকপি ও বাঁধাকপি লাগাই লাভের আশায়। কিন্তু এখন সার, কীটনাশক ও ওষুধের দাম বেড়েছে। সেচের জন্য ডিজেলের দামও বেড়েছে। তাই চিন্তায় আছি, লাভ হবে কি না। বাজার ভালো থাকলে, ফলন সুন্দর হলে কিছু লাভ হতে পারে। ৩৫ শতাংশ জমিতে খরচই হবে অন্তত ৩০ হাজার টাকা। বিক্রি ৫০-৬০ হাজার টাকা হলে সেখান থেকে খরচ বাদ দিয়ে যা থাকে, সেটাই লাভ। বাজারদর কমে গেলে আসল টাকা উঠবে কি না, তারও কোনো নিশ্চয়তা নেই।
আগাম সবজিতে বাড়তি আয়ের আশা, তবু কাটে না অনিশ্চয়তা
চন্ডিপাশা ইউনিয়নের ছোট আজলদী গ্রামের কৃষক হারুন মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন। ফুলকপি, করলা, ঢ্যাঁড়শ ও শসাসহ নানা সবজি উৎপাদন করেন তিনি। জমির ধরন, মৌসুম ও বাজারের চাহিদা বিবেচনায় একেক সময় একেক ধরনের ফসল চাষ করেন। কৃষিকাজই তার সংসার চালানোর প্রধান অবলম্বন।
হারুন মিয়ার মতো অনেক কৃষক আগাম সবজি চাষের মাধ্যমে বছরের অন্যান্য সময়ের তুলনায় কিছুটা ভালো আয় করার চেষ্টা করেন। মৌসুমের শুরুতে বাজারে কোনো সবজির সরবরাহ কম থাকলে তুলনামূলক ভালো দাম পাওয়ার সুযোগ তৈরি হয়। সেই সুযোগ কাজে লাগাতেই তারা আগাম চাষাবাদে মনোযোগী হন। তবে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় সম্ভাব্য বাড়তি আয়ের বড় অংশ উৎপাদন খরচেই চলে যাচ্ছে।
হারুন মিয়া বলেন, আমরা এলাকার মানুষ সবজি চাষ করি। ফুলকপি, করলা, ঢ্যাঁড়শ, শসাসহ বিভিন্ন সবজি লাগাই। আগাম সবজি চাষ করলে বাজারে বিক্রি করে কিছুটা ভালো টাকা পাওয়া যায়। আমরা গরিব মানুষ, মাঠে কাজ করি, সবজি উৎপাদন করি, তারপর বাজারে নিয়ে বিক্রি করি। এই আয় দিয়েই সংসার চালাতে হয়। আগাম সবজি লাগালে একটু ভালো দামে বিক্রি করা যায়, এতে আমাদের কিছুটা উন্নতি হয়।
একই ফসলের বাড়তি সরবরাহেও কমতে পারে দাম
উপজেলার নারান্দী ইউনিয়নের সনমানিয়া গ্রামের কৃষক মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, তাদের এলাকায় অধিকাংশ কৃষক আগাম সবজি চাষ করেন। ফুলকপি, করলা, পেঁপে, লালশাক, বাঁধাকপি ও টমেটোসহ বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয়।
তিনি বলেন, আমাদের এলাকায় সবাই আগাম সবজি লাগায়। ফুলকপি, করলা, পেঁপে, লালশাক, বাঁধাকপি, টমেটোÑ বিভিন্ন সবজি চাষ করি। আগাম লাগালে আগে বাজারে নেওয়া যায়, দামও কিছুটা ভালো পাওয়া যায়। এ জন্য আমরা আগাম চাষ করি। কিন্তু সার কিনতে হয়, শ্রমিকের খরচ দিতে হয়। এত খরচ করে সবজি বিক্রি করার পর লাভ করা কঠিন হয়ে যায়। হিসাব করলে অনেক সময় লোকসানই থাকে।
কৃষকদের মতে, একই সময়ে অনেক কৃষক একই ধরনের সবজি উৎপাদন করলে বাজারে সরবরাহ বেড়ে যায়। এতে দাম কমে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে আগাম চাষ করলেই লাভ নিশ্চিত হয় না। উৎপাদন খরচ, ফলনের পরিমাণ ও বাজারদরের মধ্যে সামঞ্জস্য না থাকলে কৃষকের কাঙ্ক্ষিত আয় অধরাই থেকে যায়।
বাড়ছে উৎপাদন খরচ, ন্যায্যমূল্য নিয়ে ক্ষোভ
কৃষক মিজা আলীর অভিযোগ, কৃষিপণ্যের উৎপাদন খরচ বাড়লেও উৎপাদিত সবজির ন্যায্যমূল্য পাচ্ছেন না তাঁরা। সার, জ্বালানি ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণের দাম বাড়ার পাশাপাশি সংসারের ব্যয়ও বেড়েছে। অথচ কৃষিপণ্য বিক্রি করে সেই বাড়তি ব্যয় সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

মিজা আলী বলেন, কৃষকের ধানের দাম বাড়িয়ে দেন, সবজির দাম বাড়িয়ে দেন। তেলসহ অন্যান্য জিনিসের দাম বাড়ছে। এখন আমরা গরিব মানুষ চলব কীভাবে? ধান বিক্রি করেও সংসার চালাতে কষ্ট হয়, সবজির দামও কম। আমরা তো আর আকাশ থেকে খাবার পাব না। কৃষকের উৎপাদিত ফসলের দাম বাড়ানো দরকার। নইলে আমাদের চলবে কীভাবে?
তিন দশকের কৃষিকাজেও কমেনি দুশ্চিন্তা
প্রায় তিন দশক ধরে কৃষিকাজ করছেন ৫২ বছর বয়সী কৃষক নজরুল ইসলাম। দীর্ঘ অভিজ্ঞতায় বিভিন্ন মৌসুমে নানা ধরনের ফসল উৎপাদন করেছেন তিনি। আগাম ফুলকপি, লাউসহ বিভিন্ন সবজি চাষ করে বাড়তি আয়ের চেষ্টা করেন। কিন্তু সময়ের সঙ্গে কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় চাষাবাদের ব্যয়ও বেড়েছে বলে জানান তিনি।
নজরুল ইসলামের অভিযোগ, সারের দাম বাড়লেও কৃষকের আয় সেই অনুপাতে বাড়ছে না। ফলে উৎপাদন খরচ মেটানোর পর সংসারের জন্য পর্যাপ্ত অর্থ হাতে রাখা কঠিন হয়ে পড়েছে।
নজরুল ইসলাম বলেন, প্রায় ৩০ বছর ধরে কৃষিকাজ করি। আমার বয়স ৫২ বছর। এত বছরেও সারের দাম কমতে দেখিনি, বরং বেড়েছে। আগে যে সার ১০ থেকে ১২ টাকা দরে কিনতাম, এখন তা ২৮ থেকে ৩০ টাকা দরে কিনতে হচ্ছে। আগাম ফুলকপি, লাউ ও অন্যান্য সবজি চাষ করি একটু বেশি দামে বিক্রি করার আশায়। কিন্তু সারের দাম বেশি হওয়ায় খরচ সামলাতে পারছি না। সারের দাম কিছুটা কমানো গেলে আমাদের উপকার হতো।
২০ হাজার টাকা বিনিয়োগ, লাভের নিশ্চয়তা নেই
কৃষক বাবুলের অভিজ্ঞতাও প্রায় একই। সবজি চাষে জমি প্রস্তুত, সার প্রয়োগ, সেচ ও শ্রমিকের পেছনে ইতিমধ্যে তাঁর প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখন ফসল বিক্রি করে কত টাকা পাওয়া যাবে, তার ওপর নির্ভর করছে লাভ-লোকসানের হিসাব। কিন্তু বাজারদর নিয়ে অনিশ্চয়তা থাকায় আগেভাগে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেন না তিনি।
বাবুল বলেন, এখন আমরা কৃষিকাজ করে কীভাবে চলব? সারের দাম বেশি, খরচও বেশি। জমিতে সবজি চাষ করতে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখন বিক্রি করার পর বোঝা যাবে লাভ হবে কি না। বাজারে যদি ভালো দাম না পাই, তাহলে এত খরচ করে লাভ করব কীভাবে?
আগাম সবজি বাজারে আসবে ১০-১৫ দিনের মধ্যে
পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা নূর-ই-আলম বলেন, রবি মৌসুমে উপজেলায় প্রায় ২ হাজার ৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসলের আবাদ হয়। এর মধ্যে ১ হাজার ৩০০ হেক্টরে আলু, ৩৫০ হেক্টরে পেঁয়াজ ও ১৪০ হেক্টরে গম চাষ হয়। পাশাপাশি ফুলকপি, বাঁধাকপি, টমেটো ও মরিচসহ বিভিন্ন শীতকালীন সবজির চাষ শুরু করেছেন কৃষকেরা। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগাম সবজি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকেরা যাতে সার, বীজ ও কীটনাশকসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ ন্যায্যমূল্যে পান, সে বিষয়ে কৃষি বিভাগ তদারকি করছে। রোগবালাই দমন ও ভালো ফলন নিশ্চিত করতে উপসহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে পরামর্শ ও সহযোগিতা দিচ্ছেন।