× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে মিলিবাগে পুড়ছে আমন ধান, ওষুধ ছিটিয়েও রক্ষা নেই কৃষকের

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১০:৫৫ এএম

কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে নানা ওষুধ প্রয়োগ করেও কোনো ফল পাচ্ছেন না কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে নানা ওষুধ প্রয়োগ করেও কোনো ফল পাচ্ছেন না কৃষকরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামে অজ্ঞাত রোগে পুড়ে যাওয়ার মতো শুকিয়ে যাচ্ছে আমন ধানগাছ। থোড় আসার আগেই কোনো কোনো জমির ধানগাছের পাতা বিবর্ণ হয়ে শুকিয়ে যাচ্ছে, কোথাও আবার আক্রান্ত হচ্ছে পুরো ক্ষেত। কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিন থেকে চারবার ওষুধ স্প্রে করেও মিলছে না প্রতিকার। এতে আমন ধানের ফলন নিয়ে চরম শঙ্কায় পড়েছেন জেলার হাজারো কৃষক।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামের রাজারহাট, উলিপুর ও সদরসহ বিভিন্ন উপজেলার ধানখেতে এ সমস্যা দেখা দিয়েছে। কোনো জমির ধানগাছের পাতা আগুনে পোড়ার মতো শুকিয়ে যাচ্ছে, আবার কোনো জমিতে আংশিকভাবে আক্রান্ত হচ্ছে গাছ। রোগের প্রকৃত কারণ নিয়ে কৃষকদের মধ্যে উদ্বেগ বাড়লেও কার্যকর প্রতিকার না পাওয়ার অভিযোগ রয়েছে তাদের।

রাজারহাট উপজেলার পূর্ব বালাকান্দি গ্রামের কৃষক আজিজুল ইসলাম বলেন, “কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী কয়েকবার ওষুধ স্প্রে করেও কোনো ফল পাইনি। আমার জমির প্রায় অর্ধেক ধানগাছে ফলন হবে না”।

একই এলাকার কৃষক রিপন, বেলালসহ অনেকের জমিতেও একই সমস্যা দেখা দিয়েছে। কারও জমির পুরো ফসল নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, আবার কারও জমিতে আংশিক ক্ষতি হয়েছে। উৎপাদন খরচ, সার, কীটনাশক ও সেচের ব্যয় মেটানোর পরও ফসল ঘরে তুলতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।

কৃষকদের দাবি, গত বছর আমন ধানে এ ধরনের সমস্যা সীমিত পরিসরে দেখা গেলেও এবার তা অনেক বেশি ছড়িয়ে পড়েছে। আক্রান্ত ধানগাছের প্রকৃত কারণ শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ফলন বিপর্যয় ঘটতে পারে।

এদিকে ধানখেতের এমন পরিস্থিতিতে রোগের সুনির্দিষ্ট কারণ নির্ণয়, আক্রান্ত জমি চিহ্নিতকরণ ও কার্যকর প্রতিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন কৃষকেরা। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে মিলিবাগ পোকার আক্রমণের কথা বলা হলেও জেলার কত হেক্টর জমি আক্রান্ত হয়েছে, তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তানভীর আহমেদ সরকার বলেন, “মিলিবাগ রোগে আক্রান্ত ধানখেতে পোকা দমনে ওষুধ প্রয়োগের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে”।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর কুড়িগ্রাম জেলায় ১ লাখ ২১ হাজার ৬৩০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তবে এর মধ্যে ঠিক কতটুকু জমি আক্রান্ত হয়েছে, সে তথ্য জানাতে পারেনি জেলা কৃষি বিভাগ।

কৃষকদের আশঙ্কা, দ্রুত রোগের কারণ শনাক্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আমন মৌসুমে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। তাই শুধু ওষুধ প্রয়োগের পরামর্শ নয়, আক্রান্ত জমি সরেজমিনে পরীক্ষা করে রোগের প্রকৃত কারণ নির্ণয় এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা