বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা
প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১২:৫১ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৬ ১২:৫৬ পিএম
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতোর মালা ঝুলিয়ে অবমাননার ঘটনার প্রতিবাদে সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী।
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে জুতোর মালা ঝুলিয়ে অবমাননার ঘটনার পাঁচ দিন পর সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী।
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শনিবার সকালে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নেতাকর্মীদের জুতো পায়ে ভাস্কর্যে উঠে ফুলের মালা পরাতে দেখা যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা ভাস্কর্যে ফুলের মালা পরিয়ে বেদিতে ফুলের ডালি রেখে শ্রদ্ধা জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। কর্মসূচি শেষে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। তবে এতে অংশ নেওয়া নেতাকর্মীদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ৬ অক্টোবর ভাস্কর্যটির মাথায় রশি দিয়ে বাঁধা জুতোর মালার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়। ঘটনার পর জেলা প্রশাসন ও পুলিশ তদন্ত শুরু করে।
এদিকে, ভাস্কর্যে জুতোর মালা ঝোলানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাউদজ্জামান বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে।
শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের মাঝের দ্বীপে ভাস্কর্যটি নির্মাণ করা হচ্ছে।
জুতোর মালা ঝোলানোর ঘটনার পর সেখানে নিষিদ্ধ সংগঠনটির নেতাকর্মীদের পুষ্পমাল্য অর্পণ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।