কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া শনিবার সংবাদ সম্মেলনে তাজমিন হত্যার বিষয়ে কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৫) ধর্ষণের পর হত্যার ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে এ ঘটনায় সুমন ছাড়া অন্য কারও সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া শনিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
পুলিশ জানায়, ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তর পাড়ার একটি ধানক্ষেতের আইলের পাশে এক কিশোরীর মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে তার বাবা মরদেহ শনাক্ত করেন। তাজমিনের স্থায়ী বাড়ি যশোরে। বাবার চাকরির সুবাদে পরিবারের সঙ্গে কুমিল্লা নগরের রেসকোর্স এলাকায় থাকত সে। তাজমিন নগরের ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ ঘটনায় লালমাই থানায় হত্যা মামলা হলে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। একপর্যায়ে সুমন মিয়াকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
তদন্ত ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ৮ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে পদুয়ার বাজার বিশ্বরোডের তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সে যাওয়ার জন্য সুমনের অটোরিকশা ভাড়া করে তাজমিন। পথে সুমনকে ১০০ টাকা দিয়ে কলা ও রুটি কিনতে পাঠায় সে।
পরে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে সুমন তাকে নির্জন একটি স্থানে নিয়ে যায়। জায়গাটি চিনতে না পেরে তাজমিন ভয় পেয়ে অটোরিকশা থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় সুমন তাকে আটকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করলে সে চিৎকার করে। একপর্যায়ে সুমন গামছা দিয়ে তার গলা পেঁচিয়ে ধরে। জিজ্ঞাসাবাদে সুমন তাজমিনকে ধর্ষণের কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ।
পরে ধানক্ষেতে নিয়ে তার মাথা পা দিয়ে চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে এবং তাজমিনের আইফোন নিয়ে পালিয়ে যায় বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ জানায়, হত্যার পর সুমন ঘটনাস্থলে নিজের অটোরিকশা রেখে অন্য একটি অটোরিকশায় বাখরাবাদে যায়। সেখানে একটি পুকুরপাড়ের জঙ্গলে আইফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যায়। ৯ অক্টোবর তাকে গ্রেপ্তারের পর তার দেখানো মতে ফোনটি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ বড়ুয়া বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না বা এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা জানতে তদন্ত চলছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।