কুমিল্লা অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬ ১২:১১ পিএম
গ্রেপ্তারকৃত আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক চালক সুমন ও ইনসেটে নিহত ছাত্রী জান্নাতুল তাজমিন।
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৪) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যার পর অপরাধের চিহ্ন মুছতে একটি মসজিদের সামনের পুকুরে গোসল করেন তিনি। পরে তাজমিনের ব্যবহৃত আইফোন নিয়ে পালিয়ে যান চট্টগ্রামে।

কুমিল্লার পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া।
পুলিশ জানায়, গত ৮ অক্টোবর রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার তিশা বাস কাউন্টারের সামনে থেকে রেসকোর্সের বাসায় যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করেন তাজমিন। ভাড়া ঠিক হয় ৩০০ টাকা। পরে চালক সুমন তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ ও শ্বাসরোধে হত্যা করেন বলে পুলিশের ভাষ্য।
হত্যার পর তাজমিনের হ্যান্ডব্যাগ থেকে আইফোনটি নিয়ে ব্যাগটি ধানখেতে ফেলে পালিয়ে যান সুমন। এরপর কাচিকাটা মসজিদের সামনের পুকুরে গোসল করে অন্য একটি অটোরিকশায় বাখরাবাদ এলাকায় যান। সেখানে পুকুরপাড়ের জঙ্গলে ফোনটি লুকিয়ে রেখে চট্টগ্রামে চলে যান তিনি।
তদন্তের একপর্যায়ে ৯ অক্টোবর চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাখরাবাদ এলাকার পুকুরপাড়ের জঙ্গল থেকে আইফোনটি উদ্ধার করে পুলিশ।
তাজমিন কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবারের সঙ্গে রেসকোর্স এলাকায় থাকত সে। ৮ অক্টোবর সকালে লালমাই উপজেলার ভোরাজগৎপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।