× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেটে গজ রেখে সেলাই, প্রসূতির মৃত্যুতে ৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১২:১২ পিএম

মেট্রো হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মেট্রো হাসপাতাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নওগাঁয় সিজারিয়ান অস্ত্রোপচারের পর প্রসূতির পেটে গজ কাপড় রেখে সেলাই করে দেওয়ার অভিযোগে চিকিৎসকসহ ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করে ওই প্রসূতির পেট থেকে গজ কাপড় বের করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় অন্য হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুধবার বিকালে এ আদেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া আসামিরা হলেন অস্ত্রোপচারকারী চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন (২৯), অ্যানেস্থেশিয়া প্রয়োগকারী চিকিৎসক মো. আখেরুজ্জামান রবি (৩৩), মেট্রো হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক মো. রিপন আলী (৩৭), অপারেশন থিয়েটারের ইনচার্জ মোছা. সালমা বিবি নাজমা (৩২), রোগীর দালাল মো. রাশেদুল ইসলাম হিরু (৩৩) ও মো. নাহিদ বাবু (২২)।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৬ এপ্রিল নওগাঁ শহরের দক্ষিণ সুলতানপুর এলাকার বাসিন্দা প্রসূতি রাহী মুনী সন্তান প্রসবের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে যান। সেখানে এক দালাল তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে বেসরকারি হাসপাতালে ভালোভাবে সিজারিয়ান অস্ত্রোপচার করানোর কথা বলেন। পরে ৮ হাজার টাকায় চুক্তি করে তাকে শহরের মেট্রো হাসপাতালে নেওয়া হয়।

মেট্রো হাসপাতালে ভর্তি হওয়ার পর ওই দিন সন্ধ্যায় রাহী মুনীর প্রসব ব্যথা শুরু হয়। রাতে চিকিৎসক ফাবলিহা সাদিয়া শাফীন তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। এ সময় হাসপাতালের সংশ্লিষ্ট ব্যক্তিরা অস্ত্রোপচারে সহযোগিতা করেন।


অস্ত্রোপচারের পর থেকেই রাহী মুনীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে তার পেট অস্বাভাবিকভাবে ফুলে যায়। পরিস্থিতির অবনতি হলে পরদিন তড়িঘড়ি করে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করা হয়। এ সময় তার পেটের ভেতর থেকে গজ কাপড় বের করে পুনরায় সেলাই করা হয়।

তবে দ্বিতীয় অস্ত্রোপচারের পরও তার অবস্থার উন্নতি হয়নি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ এপ্রিল তার মৃত্যু হয়।

ঘটনার পর বিষয়টি তদন্তে নওগাঁর সিভিল সার্জন মেট্রো হাসপাতালে সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি জানান, হাসপাতালটি অনিবন্ধিত।

এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে ‘প্রসূতির পেটে গজ কাপড় রেখে সেলাই, পরে রোগীর মৃত্যু’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ আদালতের নজরে এলে ১৩ এপ্রিল নওগাঁ সদর ১ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিষয়টি আমলে নেন।

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে প্রতীয়মান হওয়ায় আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করেন। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

আদালত পিবিআই পুলিশ সুপার, নওগাঁকে পোস্টমর্টেম রিপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাদের সুনির্দিষ্ট নাম-ঠিকানাসহ পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পরে পিবিআই তদন্ত শেষে গত ২২ আগস্ট আদালতে প্রতিবেদন দাখিল করে। ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বুধবার ধার্য তারিখে মামলার ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা