× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন তালিকায় চুয়াডাঙ্গার সাফিন

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ০৯:৫৩ এএম

ইবনে ইউসুফ আল সাফিন। ছবি: সাফিনের সৌজন্যে

ইবনে ইউসুফ আল সাফিন। ছবি: সাফিনের সৌজন্যে

‘শিশুদের নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার (International Children’s Peace Prize) ২০২৬-এর ‘শিশুশ্রম’ বিভাগে মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন চুয়াডাঙ্গার তরুণ শিশু অধিকারকর্মী ও সংগঠক ইবনে ইউসুফ আল সাফিন।

শিশু অধিকার, শিশুশ্রম প্রতিরোধ, শিশু সুরক্ষা ও শিক্ষার অধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। পুরস্কারটির আয়োজক প্রতিষ্ঠান কিডসরাইটস (KidsRights) প্রকাশিত মনোনীতদের তালিকায় সাফিনের নাম রয়েছে। তাঁর মনোনয়নদাতা মো. সাইফুল্লাহ আল সাদিক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মনোনয়নের খবর জানিয়ে সাফিন লিখেছেন, “আলহামদুলিল্লাহ। ‘শিশুদের নোবেল’ খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬-এর শিশুশ্রম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে মনোনীতদের তালিকায় আমিও স্থান পেয়েছি”।

তিনি আরও লিখেছেন, এই স্বীকৃতি তাকে শিশুশ্রম বন্ধ, সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষা এবং তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়তে কাজ করে যেতে আরও অনুপ্রাণিত করবে। এ জন্য সবার দোয়া ও ভালোবাসা কামনা করেছেন তিনি।

চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাফিন। পাশাপাশি তিনি ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি স্থানীয় পর্যায়ে শিশু অধিকার, শিশু সুরক্ষা ও সামাজিক সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন তিনি।

শিশুশ্রম প্রতিরোধে তার কার্যক্রমের মধ্যে রয়েছে শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি, বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আলোচনা ও সচেতনতামূলক সেশন, অভিভাবক ও স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সচেতনতা কার্যক্রম এবং সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের শিক্ষার গুরুত্ব তুলে ধরা।

শিশুদের অধিকার ও নিরাপদ শৈশব নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে গিয়ে সাফিন জাতীয় শিশু টাস্কফোর্স (এনসিটিএফ) চুয়াডাঙ্গা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বের মাধ্যমে শিশু অধিকার, শিশুশ্রম ও শিশু সুরক্ষা বিষয়ে বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন তিনি।


এ ছাড়া ডিবেট ক্লাব অব চুয়াডাঙ্গার সাংগঠনিক সম্পাদক হিসেবে বিতর্কচর্চা ও তরুণদের নেতৃত্ব বিকাশে কাজ করছেন সাফিন। তরুণদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগেও তাঁর অংশগ্রহণ রয়েছে।

সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডেও সক্রিয় সাফিন। তিনি ভলান্টিয়ার ফর বাংলাদেশ-এর চুয়াডাঙ্গা জেলা বোর্ডের কোষাধ্যক্ষ এবং বাংলাদেশ জাতিসংঘ যুব ও শিক্ষার্থী সমিতির সহযোগী সদস্য হিসেবে যুব ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন।

সাফিনের ভাষ্য, শিশুদের নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করাই তাঁর কাজের মূল লক্ষ্য। আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন তাঁকে এ কাজ আরও বিস্তৃতভাবে চালিয়ে যেতে অনুপ্রেরণা দেবে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার শিশুদের অধিকার রক্ষা এবং শিশুদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করা শিশু ও তরুণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। মানবাধিকার, শিক্ষা, শান্তি, শিশু সুরক্ষা ও সামাজিক পরিবর্তনে অবদানের জন্য বিভিন্ন দেশের তরুণদের এ পুরস্কারের মাধ্যমে সম্মানিত করা হয়। গণমাধ্যমে পুরস্কারটি ‘শিশুদের নোবেল’ নামে পরিচিত।

চুয়াডাঙ্গার এক কিশোরের আন্তর্জাতিক এ পুরস্কারের মনোনয়ন স্থানীয়ভাবে শিশু অধিকার ও সামাজিক সচেতনতা নিয়ে কাজ করা ব্যক্তি ও সংগঠনগুলোর মধ্যেও ইতিবাচক সাড়া ফেলেছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা