× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপনও চাইবেন’- সাংবাদিককে এসিল্যান্ড

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৬:১০ পিএম

ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নামজারি কার্যক্রমের সূচকে উপজেলা ভূমি অফিসের অবস্থান প্রথম থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার খবর প্রকাশের পর এক সাংবাদিকের সঙ্গে বিজ্ঞাপনের প্রসঙ্গ তুলেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস।

ওই সাংবাদিকের সঙ্গে কথোপকথনে তিনি বলেন, “আপনারা আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার আমার কাছে বিজ্ঞাপন চাইবেন- এটা তো হতে পারে না”।

সংশ্লিষ্ট সাংবাদিকের দাবি, নামজারি কার্যক্রমের সূচকে ঈশ্বরগঞ্জের অবস্থান পিছিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতেই এসিল্যান্ড এমন মন্তব্য করেন। এ ঘটনায় সংবাদ প্রকাশ, প্রশাসনিক জবাবদিহি এবং সরকারি দপ্তরের সঙ্গে গণমাধ্যমের পেশাগত সম্পর্ক নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

নামজারি ভূমিসেবার গুরুত্বপূর্ণ একটি কার্যক্রম। এ কার্যক্রমের সূচকে কোনো উপজেলার অবস্থানের অবনতি হলে এর কারণ কী, আবেদন নিষ্পত্তির হার কমেছে কি না এবং সেবাপ্রার্থীরা কোনো ধরনের ভোগান্তির মুখে পড়ছেন কি না—এসব বিষয় জনস্বার্থে অনুসন্ধান ও প্রতিবেদন করা সাংবাদিকদের স্বাভাবিক দায়িত্ব।

সংশ্লিষ্ট সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে সংবাদ প্রকাশের পর আলোচনায় বিজ্ঞাপনের প্রসঙ্গ উঠে আসে। ফলে সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশের সঙ্গে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি কেন একসঙ্গে তোলা হলো, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।


এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বক্তব্য জানতে সোমবার সকাল ১০টার দিকে তার কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপ কলে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকের সঙ্গে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন।

তার কাছে সংবাদ প্রকাশের সঙ্গে বিজ্ঞাপনের বিষয়টি টেনে মন্তব্য করার কোনো নীতিমালা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, “বিজ্ঞাপন যে আপনাদের দিতে হবে, এমন কোনো নীতিমালাও তো নেই”।

তবে নামজারি কার্যক্রমের সূচকে ঈশ্বরগঞ্জের অবস্থান প্রথম থেকে ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার কারণ এবং এ বিষয়ে উপজেলা ভূমি অফিসের অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলেও এ প্রতিবেদনের সময় পর্যন্ত বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

সাংবাদিকদের কাজ সরকারি কর্মকর্তাদের সন্তুষ্ট রাখা নয়; তথ্য-উপাত্তের ভিত্তিতে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা। একইভাবে কোনো সংবাদে তথ্যগত ভুল বা অসঙ্গতি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা দপ্তরের পক্ষ থেকে তা তুলে ধরে প্রতিবাদ, ব্যাখ্যা কিংবা সংশোধনের সুযোগ রয়েছে।

নামজারি কার্যক্রমের সূচকে ঈশ্বরগঞ্জের অবস্থান কেন পিছিয়েছে- এর কারণ, সেবার মান, আবেদন নিষ্পত্তির হার এবং পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যা জনসাধারণের কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা