গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ১৪:৫৩ পিএম
গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কথা বলেন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রিজন ভ্যান থেকে শৌচাগারে যাওয়ার কথা বলে নয়, পুলিশের এক উপপরিদর্শকের সহায়তায় প্রাইভেটকারে চড়ে পালিয়েছেন শীর্ষ মাদক কারবারি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। তদন্তে পাওয়া তথ্যের বরাতে এমনটাই জানিয়েছে গাজীপুর মহানগর পুলিশ।
পুলিশের দাবি, এসআই (এবি) প্রবীর কুমার নিজে প্রিজন ভ্যানের তালা খুলে পিচ্চি রাজাকে বের করে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারে তুলে দেন। পরে ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে নতুন করে ‘পালানোর’ নাটক সাজানো হয়।
এ ঘটনায় পিচ্চি রাজাকে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে এসআই প্রবীর কুমার, প্রিজন ভ্যানের চালক নায়েক কামাল হোসেন এবং পিচ্চি রাজার বোন তাসলিমাকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক পিচ্চি রাজা ও ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
গাজীপুর মহানগর পুলিশ কার্যালয়ে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার।
পুলিশ কমিশনার বলেন, “গত ২৭ সেপ্টেম্বর ঢাকার জেলা জজ আদালত থেকে কাশিমপুরের দিকে ২৯ জন আসামিকে নিয়ে একটি প্রিজন ভ্যান ফিরছিল। পথে ঢাকার তাঁতীবাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কাছে ভ্যানটি থামানো হয়। সেখানে ভ্যানের ইনচার্জ এএসআই প্রবীর কুমার বিশ্বাস চালকের কাছ থেকে চাবি নেন। এরপর হাজতি পিচ্চি রাজা ও খাইরুল বাশারকে ভ্যান থেকে বের করা হয়”।
পুলিশের ভাষ্য, খাইরুল বাশারকে ভ্যানের সামনে নেওয়া হলেও পিচ্চি রাজা ও প্রবীর কুমার ভ্যানে ওঠেননি। পরে ঘটনাস্থলে অপেক্ষমাণ একটি ব্যক্তিগত গাড়িতে পিচ্চি রাজাকে তুলে দেওয়া হয়। এরপর রাত সাড়ে আটটার দিকে প্রবীর কুমার আবার ঘটনাস্থলে ফিরে এসে প্রিজন ভ্যানে ওঠেন। পরে স্কট পার্টির সদস্যদের সঙ্গে নিয়ে পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার ঘটনা সাজানো হয়।
পুলিশ কমিশনার জানান, তদন্তে পাওয়া সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক পিচ্চি রাজাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
ঘটনার পর প্রথমে পুলিশ জানিয়েছিল, গাজীপুরের বাইমাইল এলাকায় প্রিজন ভ্যান থেকে শৌচাগারে যাওয়ার কথা বলে পিচ্চি রাজা পালিয়ে যান। পরে তদন্তে সেই তথ্যের সঙ্গে অসংগতি পাওয়া যায়। এর আগে দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। তাদের মধ্যে এসআই প্রবীর কুমার ও চালক নায়েক কামাল হোসেনকে এবার গ্রেপ্তার করা হলো।
এদিকে দায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজন ভ্যানের সঙ্গে থাকা কনস্টেবল মো. জাকির হোসেন, মো. সাকিব ও শাকিল হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চলতি বছরের ১৯ মে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচয় দেওয়া হয়েছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রায় আট দিন ধরে পালিয়ে থাকা পিচ্চি রাজাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।