× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বর্জ্য থেকে হবে জ্বালানি ও বিদ্যুৎ

মাশরুর মুর্শেদ, খুলনা

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ১০:০২ এএম

খুলনার ডুমুরিয়ার শলুয়া ল্যান্ডফিলে বর্জ্য থেকে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। ছবি” প্রতিদিনের বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ার শলুয়া ল্যান্ডফিলে বর্জ্য থেকে জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। ছবি” প্রতিদিনের বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ার শলুয়া ল্যান্ডফিলে প্রায় ৫৩ কোটি টাকা ব্যয়ে দেশের প্রথম সমন্বিত বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে উঠেছে। পরীক্ষামূলকভাবে উদ্বোধন হওয়া এ প্ল্যান্টে বর্জ্য থেকে জৈব সার, জ্বালানি তেল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পূর্ণাঙ্গ উৎপাদনে গেলে প্রতিদিন প্রায় ২০ টন জৈব সার, ৪ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল ও ৪৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটি পূর্ণাঙ্গভাবে চালুর আশা করছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)।

কেসিসি এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২-এর আওতায় ১৭ একর জমিতে গড়ে উঠেছে ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল অ্যান্ড রিসোর্স রিকভারি ফ্যাসিলিটি। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নির্মিত এ কেন্দ্রের তদারকির দায়িত্বে রয়েছে কেসিসি। 

প্রকল্পের প্রকৌশলী মেজবাউদ্দিন জানান, বর্জ্যের ধরন অনুযায়ী আলাদা প্রযুক্তিতে বিভিন্ন পণ্য তৈরি করা হবে। প্লাস্টিক বর্জ্য থেকে জ্বালানি তেল তৈরিতে ব্যবহার করা হবে পাইরোলাইসিস প্রযুক্তি। নির্দিষ্ট তাপমাত্রায় প্লাস্টিক গরম করলে যে বাষ্প তৈরি হবে, তা শীতল করে সংগ্রহ করা হবে তরল তেল। এ তেল প্রক্রিয়াজাত করে পেট্রোল, অকটেন ও ডিজেলজাতীয় জ্বালানি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। গৃহস্থালির পচনশীল বর্জ্য থেকে তৈরি হবে জৈব সার। কাঁচাবাজারের বর্জ্য কাজে লাগিয়ে উৎপাদন করা হবে বায়োগ্যাস। সেই গ্যাস থেকে তৈরি হবে বিদ্যুৎ। অর্থাৎ একদিকে কমবে বর্জ্যের চাপ, অন্যদিকে তৈরি হবে ব্যবহারযোগ্য পণ্য ও জ্বালানি।

প্রকল্প সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ উৎপাদন শুরু হলে প্রতিদিন প্রায় ২০ টন জৈব সার, ৪ হাজার ৮০০ লিটার জ্বালানি তেল এবং ৪৫০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। 

খুলনা মহানগরে প্রতিদিন প্রায় ১ হাজার ২০০ টন গৃহস্থালিসহ বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ৮০০ টন সংগ্রহ করে কেসিসি। এর অধিকাংশই এত দিন রাজবাঁধ ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হতো। নতুন প্ল্যান্টটি চালু হলে নগরীর প্রায় ৩০ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব হবে বলে আশা করছে কেসিসি। এতে বর্জ্য ফেলার চাপ কমার পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য উপাদান কাজে লাগানোর সুযোগ তৈরি হবে।

আরও পড়ুন
এক প্লেট খাবারের হাসি

প্রকল্প সূত্রে জানা যায়, প্রকল্পের পরিকল্পনা নেওয়া হয়েছিল ২০১৯ সালে। করোনাকাল, প্রকল্প অনুমোদন, দরপত্র ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান মাহাবুব ব্রাদার্সকে কার্যাদেশ দিতে লেগে যায় চার বছর। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, চলতি বছরের ২৬ জানুয়ারি কাজ শেষ হয়ে উৎপাদন শুরুর কথা ছিল। নির্ধারিত সময়ে তা সম্ভব না হওয়ায় দফায় দফায় সময় বাড়ানো হয়েছে। প্রথম দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ৮ এপ্রিল পর্যন্ত করা হয়। পরে আবার সময় বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ৩০ জুন। 

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প-২ (সিআরডিপি)-এর আওতায় নগরীর পার্শ্ববর্তী শলুয়ায় এ বর্জ্য রিসাইক্লিং কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কেন্দ্রটি নির্মাণে ব্যয় হবে ৫২ কোটি ৭০ লাখ টাকা। প্রকল্পটিতে অর্থায়ন করছে এডিবি। নির্মাণ শেষ হলে এখানে সব কাজ আধুনিক যন্ত্রের মাধ্যমে পরিচালিত হবে। যন্ত্র পরিচালনা, প্ল্যান্ট ব্যবস্থাপনা ও প্রাথমিক স্তরের কাজের জন্য ৩০ জন শ্রমিক এবং আটজন সুপারভাইজার কাজ করবেন।

নাগরিক নেতা অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার বলেন, “বর্জ্যকে সম্পদে পরিণত করার এ উদ্যোগ সফল হলে খুলনায় পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনার পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে”।

প্রকল্পের পরিচালনব্যবস্থা নিয়ে কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, “বর্জ্য এখন কোনো সংকট নয়, এটি বর্তমানে একটি বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে”। আগামী ডিসেম্বরে শলুয়ায় নির্মিত বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে বলে মনে করেন তিনি।

তবে প্ল্যান্টটি বেসরকারি খাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হলে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কি না, সেটিও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি। সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না হলে বিকল্পভাবে কীভাবে এটি পরিচালনা করা যায়, সে বিষয়ে কর্মকর্তা পর্যায়ে আরও সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা