আশিকুর রহমান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ ০৮:২৭ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬ ০৮:২৯ এএম
রূপসদী হাটে ছিন্নমূল মানুষদের পাতে খাবার তুলে দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা।
গরম ভাতের ধোঁয়া উঠছে, পাতে মাংসের টুকরো। ক্ষুধার্ত মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি। কারও চোখে আনন্দ, কারও মুখে স্বস্তিÑ অথচ এই আয়োজন ঘিরে নেই কোনো ব্যানার, ক্যামেরার সামনে দাঁড়ানোর তাড়া কিংবা প্রচারের হিড়িক। আছে শুধু মানুষের জন্য মানুষের ভালোবাসা।
জীবনের নিত্যদিনের অনাহার-অর্ধাহারের কষ্ট ভুলিয়ে ছিন্নমূল মানুষের হাতে যখন তুলে দেওয়া হয় একবেলা পেটপুরে খাবার, তখন সেই খাবার শুধু ক্ষুধা মেটায় না, মুছে দেয় কিছুক্ষণের জন্য অভাবের বিষাদও।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের রূপসদী হাটে এমনই এক নীরব মানবিকতার গল্প লিখে চলেছেন একদল মানুষ।
‘মানুষের জন্য কর্মশালা’ নামের একটি সংগঠনের উদ্যোগে প্রতি মাসে দুইবার আয়োজন করা হয় এ খাবার বিতরণ কর্মসূচি। বৃহস্পতিবার সাপ্তাহিক হাটের দিনকে কেন্দ্র করে হাটে আসা ছিন্নমূল, অসহায় ও অভুক্ত মানুষের জন্য একবেলা খাবারের ব্যবস্থা করেন স্থানীয় প্রবাসী, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানবিক মানুষ। কখনও গরুর মাংস, কখনও খাসি কিংবা মুরগির মাংস দিয়ে রান্না করা খাবার পরিবেশন করা হয় তাদের মধ্যে।
এ উদ্যোগের সঙ্গে যুক্ত স্থানীয় প্রবাসী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আয়োজকদের কাছে আয়োজনটি কেবল খাবার বিতরণ নয়, বরং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি উদ্যোগ। এসব মানুষের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা কারও কাছে এটি দান নয়; বরং সামর্থ্য অনুযায়ী অন্যের সঙ্গে খাবার ভাগ করে নেওয়ার আনন্দ।
আয়োজকদের কাছ থেকে খাবার পেয়ে খুশি ছিন্নমূল মানুষেরাও। প্রতিদিনের জীবনে যেখানে দুবেলা খাবার জোগাড় করাই অনেকের জন্য কঠিন, সেখানে মাংস দিয়ে একবেলা পেটপুরে খেতে পেরে তাদের আনন্দের যেন শেষ নেই। গরম ভাতের ধোঁয়ার সঙ্গে যেন উড়ে যায় অভাবের দীর্ঘশ্বাস। পাতে মাংসের টুকরো, মুখে তৃপ্তির হাসি যেন রূপসদী হাটে বৃহস্পতিবারের দুপুরটা তাই অন্যরকম। খাবার খেতে খেতে তৃপ্তির হাসিতে নিজেদের এমনই অনুভূতি প্রকাশ করেন তারা।
আয়োজক ও স্পেনপ্রবাসী কামরুল হাসান বলেন, এই মানুষগুলোর মুখে হাসি দেখাটাই দুনিয়ার সবচেয়ে বড় তৃপ্তি। তাদের একটু ভালো-মন্দ খাওয়ানোর ব্যবস্থা করে যাচ্ছি আমরা। এখানে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অবদান রয়েছে।
স্বেচ্ছাসেবক মামুন রানা বলেন, মানুষের পাশে থাকাটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।
স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ অসহায় মানুষের সাময়িক খাদ্যসংকট মোকাবিলার পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা রাখছে। এক প্লেট খাবার হয়তো কারও জীবনের অভাব দূর করতে পারে না। তবে ক্ষুধার্ত একজন মানুষের দিনের একটি মুহূর্তকে আনন্দে ভরিয়ে দিতে পারে। রূপসদী হাটে সেই ছোট্ট আনন্দটুকুই ভাগ করে নিচ্ছেন কিছু মানুষÑ নীরবে, কোনো প্রচারের প্রত্যাশা ছাড়াই। আয়োজকদের প্রত্যাশা, তাদের এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে সমাজের আরও সামর্থ্যবান মানুষ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।