× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদপুরে একবছরে ইলিশের ডিমের দাম দ্বিগুণ, কমেছে ব্যবসায়ী

মনিরুজ্জামান বাবলু, চাঁদপুর

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৩:২৩ পিএম

ইলিশের ১ কেজি ডিম বের করতে হলে কাটতে হয় কমপক্ষে ১০ থেকে ১৫ কেজি মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইলিশের ১ কেজি ডিম বের করতে হলে কাটতে হয় কমপক্ষে ১০ থেকে ১৫ কেজি মাছ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইলিশের ভরা মৌসুম চললেও নদী ও বাজারে ইলিশের ব্যাপক সংকট দেখা দিয়েছে। আর এই ইলিশ সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে ডিমের বাজারেও। সরবরাহ কম থাকায় গত বছরের তুলনায় এবার ডিমের দাম কেজিতে বেড়েছে প্রায় দ্বিগুণ।

বর্তমানে খুচরা ও পাইকারি বাজারে ডিমের চড়া দাম দেখে হতাশ ক্রেতারা। ডিমের চাহিদা ব্যাপক থাকলেও নদী থেকে পর্যাপ্ত মাছ না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা।

ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুরে এবার ইলিশের পাশাপাশি মাছের ডিমের বাজারেও চলছে চরম সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি। পর্যাপ্ত পরিমাণে ইলিশ ও ডিমের যোগান না থাকায় দাম এখন আকাশছোঁয়া।

ব্যবসায়ীরা বলছেন, ইলিশের ডিম মূলত দুই ধরনের হয়। একটি সাগরের ইলিশের ডিম, অপরটি নদীর ইলিশের ডিম। নদীর তুলনায় সাগরের ইলিশের দাম অপেক্ষাকৃত ৫০০ থেকে ১ হাজার টাকা কম।

ক্রেতারা বলছেন, গত বছরের তুলনায় চলতি মৌসুমে ইলিশের ডিমের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। ডিমের মান ও কোয়ালিটি অনুযায়ী ইলিশের এক কেজি ডিম বিক্রি হচ্ছে সাড়ে চার হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। যা গত বছর ছিল ২৫শ থেকে ৩ হাজার টাকা।

ইলিশের ডিম কিনতে আসা আশরাফুল ইসলাম বলেন, ‘চাঁদপুর ইলিশের বাড়ি। চাঁদপুরে আমরা লোকাল মানুষ, সেই হিসেবে দাম এমন অবস্থায় আছে, মানুষের নাগালের বাইরে। ডিমের দামটা একটু বেশিই মনে হচ্ছে, কারণ ডিম তো ছোট। কারণ বড় ডিমের মজাও আলাদা আর এটার মজাও ভিন্ন তো যত ডিম বড় হবে, দাম তত বাড়বে, এরকমই স্বভাব”।

ডিম কাটা শ্রমিক লিয়াকত হালদার বলেন, “গত বারের থেকে এবারের ডিমের মাছের সংখ্যাটা একটু কম। ডিমের সংখ্যা কম। এই সংকট থাকায় দামটা একটু বাড়ছে আর কি। গতবার আমরা বেচছি ৩ হাজার হাইয়েস্ট, এবার বেচতেছি … আমার তো ডেইলি ১০০, ১৫০, ২০০ কেজি দিয়ে ডিম হইতো। আবার ১০-১২ জন মোট টোটালে কাটতো। এবার আরও পাটিও আয়ে না। শুধু আমরা দুইজন গাড়ি (কাটি) ডিম। তো আজকে ১০ কেজি ডিম হবে, তিন-চারদিন... চারদিন পরে আজকে মনে হয় ১০ কেজি ডিম হবে”।

আরেক শ্রমিক রিপন মিয়া বলেন, “এবার মাছ পর্যাপ্ত কম, যা চাহিদা আছে তার থেকে মানে হাজার গুণ কম। এই জন্যই ইলিশের দামটা একটু বেশি। ডিমের দামও বেশি কারণ পর্যাপ্ত পরিমাণ ডিম হইতেছে না, এই জন্য ডিমের রেটটা একটু বেশি। পর্যাপ্ত পরিমাণ হলে আবার রেট স্বাভাবিক জায়গায় চলে আইব। কিন্তু স্বাভাবিক জায়গায় আসার মতন নাই। আগে মাছ কিনতাম যেই মাছটা আমরা ২০ হাজার টাকা মনে হয় এইডা কিনা লাগে ৪০, ৪২, ৪৫, ৫০ এই রেট। এই জন্য ডিমের রেটটা একটু বেশি। গত বছরের চেয়ে এই বছর ডিমের দাম পার (প্রতি) কেজিতে ২ হাজার টাকা বেশি। এইজন্য যে মাছ নাই, ডিমও নাই; ডিম কম মাছও কম”।

ইলিশের ডিমের প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে অনেক ক্রেতা চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ছুটে যান শুধু ইলিশের ডিম কিনতে। অনলাইন ব্যবসায়ীরাও চাহিদামতো ডিম সংগ্রহ করতে পারছেন না। ৫০ কেজির অর্ডার থাকলে মাত্র ১০ থেকে ২০ কেজি ডিম মিলছে।

কিন্তু চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় অনেকের অর্ডার ফিরিয়ে দিতে হচ্ছে। অনেকেই বাজার থেকে খালি হাতে ফিরছেন বলে দাবী অনলাইন ও খুচরা ব্যবসায়ীদের।

চাঁদপুর মাছঘাটে অনলাইনে ইলিশের ডিম বিক্রি করেন হযরত আলী। তিনি বলেন, “ইলিশের ডিমের চাহিদা আছে। কিন্তু মাছের দাম বেশি দেইখা অনেক কাস্টমার ফিরে যায়”।

হযরত আলী আরও বলেন, “আমি অনলাইন ব্যবসায়ী হিসেবে আমার চাহিদা অনেক। মানে আমাদের কাস্টমার যারা ক্রেতারা অনেক ডিমের চাহিদা। আমি প্রায় আজকে ৫০ কেজি নেওয়ার জন্য বসে রইছি। এখনও আমার মাত্র হইছে ১০ কেজি। এখনও মাছ কাটতেছি, জোর গেলে ধরেন ২০ কেজি পাবো, এর বেশি হবে না। তাহলে আমি ৫০ কেজি চাহিদার জায়গায় ২০ কেজি দিয়ে আপাতত চালাচ্ছি”।

আরেক ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, ‘ইলিশের ডিমটা আসলে দুই ধরনের হয়। প্রথমত হচ্ছে এটা হচ্ছে সাগরের ইলিশের ডিম হয়, যেটা হচ্ছে কমদামি। সাগরের ইলিশের ডিম ৪ হাজার টাকার মধ্যে থাকে। কারণ ইলিশের ১ কেজি ডিম বের করতে হলে মিনিমাম ১০ থেকে ১৫ কেজি মাছ কাটা লাগে। ৫ হাজার টাকাও হয়। আর যদি নোয়াখালী বা হচ্ছে চাঁদপুর ইলিশের ডিমটা কাটে, তাইলে ওইটার দাম এই বছর সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা হচ্ছে”।

আরও পড়ুন
ইলিশের দেশেই ইলিশের আকাল

চাঁদপুর বড় স্টেশন ইলিশঘাটে ইলিশের ডিম বিক্রেতাও কমেছে। আগে ১০/১২ জন ডিম ব্যবসায়ী থাকলেও এখন ২/৩ জন। ইলিশের উৎপাদন স্বাভাবিক থাকলে দাম কমানো সম্ভব বলে জানান মৎস্য বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক।

তিনি বলেন, “এক কেজি ইলিশ ডিম বের করতে তো অনেকগুলো ইলিশ কাটতে হয়। ইলিশ যখন কাটে, তো সেই ইলিশ মাছটা কাটা হয়, সেই ইলিশ মাছটা তো আর আগের যে দাম, ওই দামটা থাকে না। তখন অনেক কম দামেই ইলিশটা বিক্রি করতে হয়, এই কারণে ডিমের দামটা একটু বেশি থাকে। তো বিগত বছর এই ডিম কিন্তু ১০০০-১২০০ টাকাও আমরা ডিম বিক্রি করেছি। কিন্তু আজকের সেই ডিম কমপক্ষে মিনিমাম সাড়ে ৪ হাজার টাকা, ৫ হাজার টাকা। তো ইলিশের উৎপাদন যদি স্বাভাবিক থাকত, আমাদের চাহিদা অনুযায়ী থাকত, ভোক্তাদের সাধারণ চাহিদা অনুযায়ী থাকত, তাহলে ডিমের দাম আসলে আরও অনেক কম থাকত”।

একটি ইলিশের ডিম থেকেই লক্ষাধিক মাছের উৎপাদন হয়। তাই মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা মেনে চলার পাশাপাশি সাধারণ নাগরিকদেরও ডিমের প্রতি অতিরিক্ত আকর্ষণ পরিহার করে সচেতন থাকার আহ্বান জানান চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, “আমরা ইদানিং লক্ষ্য করছি যে আমাদের সাধারণ মানুষও মাছের থেকে মানে ডিম কেনার প্রতি ঝুঁকে পড়েছে এবং ব্যবসায়ীরাও এই ডিম বিক্রি প্রবণতা আরও বৃদ্ধি করেছে। তো আমরা তাদেরকে আহ্বান জানাবো, কারণ একটা মাছের একটা ডিম থেকে লাখ লাখ মাছের উৎপাদন হয়। তাই আমাদের এই মা ইলিশগুলো যাতে আমরা না ধরি। আর আমরা নিষেধাজ্ঞার প্রধান মৌসুমে তো আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করব এবং এ সব কিন্তু সাধারণ নাগরিক যারা, তাদেরও সচেতন হতে হবে”।

তিনি বলেন, “তারা যদি মাছের ডিমের প্রতি এই রকম আকর্ষণ দেখায়, তাহলে আমাদের অসাধু ব্যবসায়ী অসাধু জেলেরা আরও এই ডিমওয়ালা মাছ ধরার প্রতি আরও বেশি আকর্ষিত হবে। তাই আমরা সাধারণ মানুষ যারা আছেন, তাদেরও সচেতন হই”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা