হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম ও ফারুক আহমাদ আরিফ, ঢাকা
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৫৮ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০৯ পিএম
চট্রগ্রামের আড়তগুলোতে ইলিশ ঘিরে এবারও মৌসুমি ব্যস্ততা র্যেছে, তবে নেই আগের মতো সমারোহ। সুদিন হারিয়েছে ইলিশের। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘সমুদ্রের রুপালি শস্য’ খ্যাত ইলিশ আহরণে বিশ্বে প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ। বিশ্বের প্রায় ১১টি দেশে যে পরিমাণ ইলিশ আহরণ হয় তার মধ্যে ৭০-৮০ শতাংশই হয় বাংলাদেশে। তা ছাড়া স্বাদের দিক থেকেও শ্রেষ্ঠ বাংলাদেশের ইলিশ। সব মিলিয়ে বাংলাদেশকে বলা হয় ইলিশের রাজ্য। বঙ্গোপসাগর, পদ্মা, মেঘনা, যমুনা, এমনকি ব্রহ্মপুত্র নদীতেও একসময় প্রচুর ইলিশ পাওয়া যেত। সেই ইলিশের স্বাদ দেশের প্রায় প্রতিটি অঞ্চলেই পৌঁছে যেত। রপ্তানি হতো বিদেশেও। কিন্তু জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, নদী ও পানিদূষণ, কৃষিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে পানি দূষিত হয়ে ইলিশের উৎপাদন ক্রমেই কমে যাচ্ছে। তাই ইলিশের ভরা মৌসুমে ভারত থেকে আমদানি করে ইলিশের স্বাদ নিতে হচ্ছে বাঙালিকে।
দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট দুই মাসে ৩ লাখ ৬২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করে। বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের ফিশারিজ কোয়ারেন্টাইন পরিদর্শক আশওয়াদুল আলম।
বন্দর সূত্রে জানা গেছে, জুলাই মাসে তিনটি আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে ২৯ হাজার ৪৪০ কেজি ইলিশ দেশে আসে। আগস্টে ১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে আরও ৩ লাখ ৩৩ হাজার ৩৪৬ কেজি ইলিশ আমদানি করা হয়। দুই মাসে আমদানি করা ইলিশের মোট মূল্য দেখানো হয়েছে ৬ কোটি ৯২ লাখ ৯৪ হাজার ৫১০ টাকা। এর মধ্যে জুলাই মাসে আমদানি করা ইলিশের মূল্য ছিল ৩৫ লাখ ৬০ হাজার ২৯৬ টাকা। আগস্টে আমদানি করা ইলিশের মূল্য ছিল ৬ কোটি ৫৭ লাখ ৪৫ হাজার ৭১৪ টাকা। অর্থাৎ আগস্টে ইলিশ আমদানির পরিমাণ জুলাইয়ের তুলনায় প্রায় ১১ গুণ বেড়েছে।
মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ শাখার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মঈন উদ্দিন আহমদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ২০২৩-২৪ অর্থবছর থেকে ভারতীয় ইলিশের আমদানি বেড়েছে। মুক্ত অর্থনীতির যুগে এখন আমরা যেমন রপ্তানি করি, আবার প্রয়োজনে আমদানিও করে থাকি। দেশে এখন ইলিশের চাহিদা থাকায় ব্যবসায়ীরা আমদানি করছে।
একসময় দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হতো ইলিশ। অথচ এখন বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে করতে হচ্ছে আমদানি। ২০২৫-২৬ অর্থবছরে যেখানে ১৪১ টন ইলিশ রপ্তানি হয়েছে, সেখানে চলতি অর্থবছরে আমদানি হয়েছে ১ হাজার ৬২ টন। এক দশক আগে এটি চিন্তাও করা যেত না। রপ্তানি কমে ইলিশ মাছ আমদানি বেড়ে যাওয়ার ঘটনাকে ‘অশনিসংকেত’ হিসেবে দেখছেন সামুদ্রিক মৎস্য গবেষকরা। তাদের দাবি, ওভার ফিশিংয়ের (অতিরিক্ত আহরণ) কারণেই ইলিশ বাণিজ্যে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। বিভিন্ন সময় অতিরিক্ত মাছ আহরণ করায় সমুদ্রে ইলিশ মাছ কমে এসেছে। আমদানিকারকরা ইলিশের চাহিদা পূরণের এ সুযোগ কাজে লাগাচ্ছেন।
এ পরিস্থিতিতে ইলিশের প্রজনন বাড়াতে এখনই দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন গবেষকরা। না হলে অতিরিক্ত আহরণের কারণে লাক্ষ্যা মাছের মতো ইলিশ মাছও অচিরেই মিলবে না বলে আশঙ্কা করেছেন তারা।
পাঁচ বছরের আমদানি-রপ্তানি
ইলিশ আমদানি-রপ্তানির গত ৫ বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এসব অর্থবছরে দেশে ইলিশ মাছ রপ্তানি ধারাবাহিকভাবে কমছে। বিপরীতে বছর বছর বাড়ছে আমদানি।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশ থেকে ১ হাজার ৬৯৯ টন ইলিশ রপ্তানি হয়েছে। সেখানে সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি হয়েছে মাত্র ১৪১ টন। এই হিসাবে ৫ বছরের ব্যবধানে রপ্তানি কমেছে ১ হাজার ৫৫৮ টন বা প্রায় ৯০ শতাংশ।
২০২০-২১ অর্থবছরের পর থেকেই মূলত ইলিশ মাছ রপ্তানি কমতে থাকে। ওই বছরের তুলনায় ৪৬৯ টন কমে ২০২১-২২ অর্থবছর রপ্তানি হয় ১ হাজার ২৩০ টন। পরের অর্থবছর কিছুটা বাড়লেও ২০২৩-২৪ অর্থবছর আবার অনেক কমে যায়। ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি হয় ১ হাজার ৩৯১ টন। পরের বছর ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি হয় ৮০২ টন। এরপর ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি হয় মাত্র ৫৪৪ টন।
অন্যদিকে ধারাবাহিকভাবে বেড়েছে ইলিশের আমদানি। ২০১৯-২০ অর্থবছরে যেখানে এক টনেরও কম ইলিশ মাছ আমদানি হতো, সেখানে ৫ বছরের ব্যবধানে ২০২৫-২৬ অর্থবছরে আমদানি হয়েছে ১ হাজার ৬২ টন। এই হিসাবে ৫ বছরের ব্যবধানে এক হাজার গুণের বেশি বেড়েছে এই মাছের আমদানি। যার অধিকাংশই আমদানি হয়েছে প্রতিবেশী দেশ ভারত থেকে।
এনবিআরের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে বাংলাদেশে ইলিশ মাছ আমদানি হয় ৩৫৪ টন। এরপর ২০২১-২২ অর্থবছরে আমদানি হয় ৫০০ টন। আরও কমে পরের বছর ২০২২-২৩ অর্থবছরে আমদানি হয় ৩০৭ টন। ২০২৩-২৪ অর্থবছরে আমদানি হয় ১৭২ টন। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি হয়েছে ৫৪০ টন।
এদিকে বৈধ আমদানির পাশাপাশি অবৈধভাবে ইলিশ দেশে প্রবেশের অভিযোগও রয়েছে। গত ২২ জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আনা ১২ কার্টন বা প্রায় ৩৬০ কেজি ভারতীয় ইলিশ জব্দ করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
রপ্তানি কেন কমছে, কেন বাড়ছে আমদানি
মৎস্য আহরণের সঙ্গে জড়িতরা বলছেন, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ইলিশ মাছ আহরণ কমে যাওয়ার কারণেই কমছে রপ্তানি। অন্যদিকে চাহিদার বিপরীতে আহরণ কম হওয়ায় চাহিদা পূরণ করতেই ইলিশ মাছে আমদানি বাড়ছে। তারা জানান, আহরণ কমে যাওয়ার পেছনে অতিরিক্ত মাছ ধরা ও নৌযানের আধিক্য, ৪০ মিটার গভীরতার ভেতরে ট্রলিং করে মাছ আহরণ, ছোট নৌযানের আধুনিকীকরণ ইত্যাদি কারণ দায়ী।
মৎস্য আহরণকারীরা বলছেন, ২০ বছর আগে বাণিজ্যিক ট্রলার ছিল ১০০টির কম; বর্তমানে এ সংখ্যা ২৬৫। এর বাইরে ২৯ হাজারের বেশি ছোট নৌযানও আছে। যেগুলো উন্নত প্রযুক্তি ও অবৈধ জাল ব্যবহার করে উপকূলে বটম ট্রলিং করে মাছ আহরণ করছে। এতে ডিম, পোনা ও ছোট মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, অতিরিক্ত মাছ আহরণ, প্রযুক্তির অপব্যবহার ও অনিয়ন্ত্রিত ট্রলার পরিচালনার কারণে মাছের মজুদ দ্রুত কমছে। ফলে বছর বছর ইলিশ আহরণও কমছে।
যা বলছেন সংশ্লিষ্টরা
এ ব্যাপারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শহীদুল আলম (শাহীন) প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইলিশ মাছ এখন আমদানি করতে হচ্ছে, কারণ দেশে ইলিশ মাছের যে চাহিদা আছে, এখন আর সেই পরিমাণ মাছ আহরণ হচ্ছে না। আহরণ কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা আগে ওভার ফিশিং (অতিরিক্ত আহরণ) করেছি। আপনি দেখবেন বাজারে এখন বড় ইলিশ মাছ কমই পাওয়া যায়। কারণ আমরা মাছগুলোকে বড় হওয়ার সুযোগ দিচ্ছি না। মাছ বড় হওয়ার আগেই ফিশিং করে ধরে ফেলা হচ্ছে। এতে ইলিশ মাছের প্রজননও কমে যাচ্ছে।’
তিনি বলেন, ‘ফিশারিজের ক্ষেত্রে একটি নিয়ম অনুসরণ করলে মাছ কখনও কমবে না। নিয়মটা হচ্ছে, প্রতিটি ইয়াং মাছকে অন্তত একবার প্রজনন করার সুযোগ দিতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অবৈধ ফিশিংয়ের কারণে আমাদের দেশে সেটি হয় না। একসময় আমাদের এখানে অনেক লাক্ষ্যা মাছ পাওয়া যেত। কিন্তু এখন পাওয়া যায় না। কারণ একই। অবৈধ ট্রলিং নিয়ন্ত্রণে আনা না হলে ঠিক একইভাবে ৫/৭ বছর পর দেশের জলসীমায় ইলিশ মাছও আর পাওয়া যাবে না।’
এ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আবিদ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘ইলিশ কমে যাওয়ার পেছনে বাণিজ্যিক ফিশিং ট্রলারের চেয়ে ৩০ হাজার কাঠবোটের ছোট নৌযানগুলোই বেশি দায়ী। বাণিজ্যিক ফিশিং জাহাজগুলো সব মিলিয়ে ১০ থেকে ১৫ হাজার টন ইলিশ মাছ আহরণ করে। অথচ দেশে ইলিশ মাছ আহরণ হয় ৪ থেকে ৫ লাখ টন। বাকি মাছগুলো আহরণ করে ছোট নৌযানগুলো। এসব নৌযান অবৈধ ট্রলিং করে ছোট মাছগুলোও ধরে ফেলছে। যে কারণে বড় ইলিশ মাছ আর পাওয়া যাচ্ছে না। মাছগুলোকে তো বড় হতে দিতে হবে।’
তিনি বলেন, ‘অবৈধ ট্রলিং বন্ধ না হলে সামনে মাছ খুব একটা পাওয়া যাবে না। এজন্য সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। কিন্তু আমরা দেখছি সরকার উদাসীন। অবৈধ ট্রলিং বন্ধে সরকারের কোনো পদক্ষেপ নেই। ৩০ হাজার ছোট নৌযানের ৯ হাজারের মতো নৌযান মাছ আহরণের রিপোর্ট সরকারকে দেয় । বাকিরা কী পরিমাণ মাছ আহরণ করে, তার কোনো তথ্য সরকারের কাছে নেই। এগুলোকে নিয়মশৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে।’
পূজার সময় বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হয়। অথচ এখন উল্টো আমদানি করতে হচ্ছে কেন? এই প্রশ্নের জবাবে মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ ব্যবস্থাপনা শাখার উপপরিচালক (চলতি দায়িত্ব) মো. আবুল কালাম আজাদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘কয়েক বছর ধরে আমরা মূলত কূটনৈতিক সম্পর্কের ভিত্তি হিসেবে পূজায় কিছু ইলিশ রপ্তানি করি। সার্বিকভাবে ইলিশ রপ্তানি করা হয় না। আর এখন প্রাকৃতিক কারণে আমাদের দেশে ইলিশের উৎপাদন কমে গেছে। বিশেষ করে জলবায়ু পরিবর্তনজনিত নানা ধরনের দুর্যোগ, পরিবেশ ও পানিদূষণের কারণে ইলিশের উৎপাদন কমছে। তা ছাড়া সাগর থেকে নদীতে আসার ইলিশের রোডে অনেকগুলো ডুবোচর জেগেছে। পলি পড়ে এসব মাইগ্রেশন রোড নষ্ট হচ্ছে। এতে করে ডিম দেওয়ার জন্য নদীতে আসতে পারে না।’
তিনি আরও বলেন, ‘অনিয়ন্ত্রিত ও অতিরিক্ত ইলিশ ধরার কারণেও উৎপাদন কমে যাচ্ছে। এই প্রেক্ষাপটে উৎপাদন বাড়াতে মা ইলিশ ও জাটকা ধরা নিষিদ্ধসহ বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
প্রতিবেদনটি তৈরিতে তথ্য সহায়তা দিয়েছেন বেনাপোল (যশোর) প্রতিবেদক মোহসিন আলী, সৌরভ হোসেন, ঢাকা।