জয়পুরহাট প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৮:১৩ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০:০১ এএম
বিদ্যালয়ে ক্লাস চলাকালে কিছু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালে দুই দিনে ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে বুধবারই অসুস্থ হয়েছে ২২ জন।
অসুস্থ শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে বুধবার এ ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবারও বিদ্যালয়টিতে সাতজন শিক্ষার্থী অসুস্থ হয়েছিল।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দশম শ্রেণির সাতজন শিক্ষার্থী একে একে মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকেরা তাদের বাড়িতে নিয়ে যান। এরপর বুধবার দুপুরের পর শ্রেণিকক্ষে পাঠদান চলাকালে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বেশ কয়েকজন শিক্ষার্থী হঠাৎ শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করে। একপর্যায়ে তাদের শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমি বমি ভাব দেখা দেয়। পরে একে একে ২২ জন শিক্ষার্থী ক্লাসরুমেই অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে দশম শ্রেণির সাতজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরে অভিভাবকেরা তাদের বাড়িতে নিয়ে যান।
তিনি আরও জানান, বুধবার দুপুরের পর পাঠদান চলাকালে ষষ্ঠ থেকে নবম শ্রেণির আরও ২২ জন শিক্ষার্থী অসুস্থ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। দুই দিনে মোট ২৯ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা সবাই ছাত্রী।
পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল বলেন, অসুস্থ ২২ জন শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে।
আটজন শিক্ষার্থী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে উল্লেখ করে তিনি জানান, এখনও তিনজনের শারীরিক অবস্থা কিছুটা আশঙ্কাজনক, তাই তাদরে জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ম্যাস সাইকোজেনিক ইলনেসের কারণে এমন ঘটনা ঘটে। এটিও ম্যাস সাইকোজেনিক ইলনেসের সমস্যা বলে মনে হয়েছে।