সিসিকের উদ্যোগে নগরভবনে মঙ্গলবার বিকালে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়নি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
প্রশাসকের একক সিদ্ধান্ত ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে সিলেটে আয়োজিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছে মহানগর বিএনপি।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে নগরভবনে মঙ্গলবার বিকালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলেও সেখানে মহানগর বিএনপি বা এর অঙ্গ-সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মীকে অংশ নিতে দেখা যায়নি।
সংবর্ধনা বর্জনের কারণ হিসেবে সিসিক প্রশাসনের সমন্বয়হীনতা ও অব্যবস্থাপনাকে দায়ী করছেন বিএনপির স্থানীয় নেতারা। দলটির একাধিক শীর্ষ সূত্রে জানা গেছে, এই সংবর্ধনা অনুষ্ঠানের পরিকল্পনায় স্থানীয় বিএনপির দায়িত্বশীলদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। সিসিক প্রশাসক একক সিদ্ধান্তে সব প্রস্তুত করেছেন।
তা ছাড়া অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রেও অবহেলা করা হয়েছে বলে তাদের অভিযোগ। মহানগর বিএনপির নেতারা আরও জানান, সকালে রাষ্ট্রপতির মাজার জিয়ারত কর্মসূচিতে বিএনপি নেতাদের জন্য বরাদ্দকৃত গাড়িতে নিরাপত্তা পাস না থাকায় তা মূল গেটেই আটকে দেয় নিরাপত্তাবাহিনী। ফলে সিনিয়র নেতাদের হেঁটেই মাজারে যেতে হয়। এসব কারণেই তারা সংবর্ধনা অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, নানা কারণে তারা সিসিকের সংবর্ধনায় যোগ দেননি। তবে সংবর্ধনা বর্জন করলেও রাষ্ট্রপতির সফরের অন্যান্য কর্মসূচিতে তারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দলটির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, “যথাযথ প্রক্রিয়ায় নাগরিকেদের অন্তর্ভুক্ত না করে আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে দলীয় ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানটি বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়”।
অভিযোগের বিষয়ে সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই প্রথম সিলেট সফর। আজ সকালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সার্কিট হাউজে সংক্ষিপ্ত বিরতি শেষে দুপুর সাড়ে বারোটার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও মোনাজাত করেন। পরবর্তীতে খাদিম নগরে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সেখানেই যোহরের নামাজ আদায় করেন।