প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৪৫ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৫৪ পিএম
এক দিনের সফরে সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিএনপি মিডিয়া সেল
এক দিনের সফরে সিলেটে এসে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর। সফরে তার সহধর্মিণী রাহাত আরা বেগমও রয়েছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মঙ্গলবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি।
সেখানে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরে বিমানবন্দর থেকে সিলেট সার্কিট হাউজে যান রাষ্ট্রপতি। সেখানে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
সার্কিট হাউজে স্বল্প বিরতির পর দুপুর সাড়ে ১২টার দিকে নগরের দরগাহ গেট এলাকায় হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন তিনি। এ সময় দেশ ও জনগণের অগ্রগতি, শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন রাষ্ট্রপতি।
পরে তিনি সিলেটের খাদিমনগরে হজরত শাহপরান (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন। সেখানে মাজার জিয়ারতের পাশাপাশি যোহরের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি।
সফরসূচি অনুযায়ী, বিকাল সাড়ে ৩টায় সিলেট নগর ভবন প্রাঙ্গণে সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।