× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে আতঙ্কগ্রস্থ শহরবাসী

সাইফুল হক মোল্লা দুলু, মধ্যাঞ্চল

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৪:৩৩ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জ জেলা শহরে কিশোর গ্যাংয়ের অপতৎপরতা উদ্বেগজনকভাবে বেড়েছে। প্রকাশ্যে মারধর, চাঁদাবাজি, ছিনতাই, নারীদের উত্ত্যক্ত করা থেকে শুরু করে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ার মতো ঘটনায় আতঙ্কগ্রস্থ শহরবাসী। 

প্রায় প্রতি সপ্তাহেই কোনও না কোনও এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের হাতে মারধর ও হয়রানির শিকার হচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। তরুণ ও যুবকদের অনেকেই দেশীয় অস্ত্র ও চাপাতির আঘাতে গুরুতর আহত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, গত দুই বছরে কিশোর গ্যাংয়ের তৎপরতা আশঙ্কাজনক হারে বেড়েছে। ফলে অনেকেই প্রতিবাদ তো দূরের কথা, ভয়ে এসব ঘটনার বিষয়ে মুখ খুলতেও সাহস পাচ্ছেন না। অভিভাবকদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। সন্তানদের স্কুল, কলেজ ও কোচিংয়ে পাঠিয়ে অনেকেই নিরাপদে বাড়ি ফেরার বিষয়টি নিয়ে চিন্তিত থাকেন।

স্থানীয় বিভিন্ন সূত্রের দাবি, গত দেড় বছরে জেলা শহরে কিশোর গ্যাংয়ের শতাধিক অপতৎপরতায় প্রায় দেড়শ মানুষ আহত হয়েছেন। এর মধ্যে অন্তত ৪০ জন গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর রাত ৮টার দিকে শহরের রথখোলা এলাকায় একটি ঘটনার পর কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, রথখোলার বেলীফুল রেস্তোরাঁ থেকে খেয়ে বের হওয়ার সময় এনাম হাসান আলভী ও তার বন্ধু রাব্বিকে একদল কিশোর ঘিরে ধরে। অভিযোগ রয়েছে, কিশোর গ্যাং নেতা সোহেল খানের নেতৃত্বে নিশাদ, তালহা, অভি, তন্ময় ও শাহীনসহ ২০ থেকে ২৫ জনের একটি দল রাব্বিকে চর-থাপ্পড় মেরে গুরুতর আহত করে।

পরে এনাম হাসান আলভীকে মারধর করে একটি অটোরিকশায় তুলে হোসেনপুর সড়কের নেহাল পার্ক এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। সেখানে দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে চোখে-মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর আবারও তাকে মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ।

রাত ৯টার দিকে দুই ব্যক্তি তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রেখে যান। খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে তাকে ভর্তি করেন। এ ঘটনায় মামলা করলে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্বজনরা।

সরেজমিনে শহরের বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গাইটাল-শ্রীনগর, রাকুয়াইল-শিক্ষক পল্লী, হারুয়া-হয়বতনগর, নগুয়া-বত্রিশ, তারাপাশা-বয়লা, চরশোলাকিয়া-শোলাকিয়া, উকিলপাড়া, খরমপট্টি এবং নরসুন্দা নদীর শোভাবর্ধন প্রকল্পসংলগ্ন এলাকায় কিশোর গ্যাংয়ের একাধিক গ্রুপ সক্রিয় রয়েছে বলে অভিযোগ।

স্থানীয়দের দাবি, এসব এলাকায় ২০ থেকে ২৫টির বেশি কিশোর গ্যাং গ্রুপের সন্ত্রাসী তৎপরতা রয়েছে। তাদের কেউ কেউ রাজনৈতিক দলের ছাত্র ও যুব সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের ছত্রচ্ছায়ায় অপতৎপরতা চালায় বলেও অভিযোগ রয়েছে। তবে রাজনৈতিক সংগঠনগুলোর নেতারা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বত্রিশ এলাকায় ‘সাজ্জাদ গ্রুপ’ নামে একটি কিশোর গ্যাংয়ের তৎপরতার কথা স্থানীয়দের মুখে শোনা গেছে। স্থানীয় সূত্রের দাবি, ২১ বছর বয়সী সাজ্জাদ এ গ্রুপের নেতৃত্ব দেয় এবং তার সঙ্গে অন্তত ১১ জন সক্রিয় সদস্য রয়েছে। বত্রিশ ও বত্রিশ বাসস্ট্যান্ড এলাকায় তাদের নানা অপতৎপরতার অভিযোগ রয়েছে।

এ ছাড়া বত্রিশ, নীলগঞ্জ মোড়, কানিকাটা, পুরানথানা, বয়লা, নিউটাউন, হারুয়া ও হয়বতনগরসহ বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা অবস্থান করে বলে স্থানীয়রা জানান। ভয়ে অনেকেই তাদের নাম প্রকাশ করতে চান না।

অন্যদিকে গুরুদয়াল সরকারি কলেজ থেকে গৌরাঙ্গ বাজার, নরসুন্দা ওয়াকওয়ে, কুটিগীর্দি, পৌরসভা, রথখোলা, আখড়াবাজার ও নতুন বাজার এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেন সোহেল খান, শাহীন আলম, তন্ময়, তালহা,নিশাদ,ইফতেখার সাবিদ। ওই এলাকার নেতৃত্বে এরা আলাদা আলাদা  গ্রুপে সক্রিয় বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনে তারা এক হয়ে কাজ করে বলে রথখলা, ঈশা খা রোড ও নতুন বাজার এলাকার ব্যবসায়ীরা জানান।

অভিভাবকরা জানান, কিশোর গ্যাংয়ের তৎপরতায় সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। স্থানীয়দের অভিযোগ, গত দুই বছরে খরমপট্টি সরকারি পুকুরপাড়ের কয়েকটি কোচিং সেন্টার থেকে ছাত্রীদের বের হওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা পথরোধ করে নানা অশ্লীল মন্তব্য ও উত্ত্যক্ত করে আসছে।

অভিভাবক বা সচেতন কেউ প্রতিবাদ করলে তাদেরও অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ রয়েছে।

চিলড্রেনস হোম কোচিং সেন্টারের মালিক রুহুল আমিন বলেন, কিশোর গ্যাংয়ের তৎপরতার কারণে শিক্ষার্থীরা কোচিংয়ে আসতে ভয় ও আতঙ্কে থাকে। সবচেয়ে লোকসমাগমের এলাকা হওয়া সত্ত্বেও প্রায়ই অপ্রীতিকর ঘটনা ঘটে। বিশেষ করে মেয়েরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে।

সম্প্রতি শহরের থানার পেছনে বিকেলে একদল কিশোর এক স্কুলছাত্রকে হঠাৎ মারধর করে আহত করে বলে স্থানীয়রা জানান। পরে কয়েকজন পথচারী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

স্থানীয়দের অভিযোগ, ১৮ থেকে ২০ বছর বয়সী তরুণদের একটি অংশও নিজেদের কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত করে প্রতিদিন বিভিন্ন কোচিং সেন্টারের সামনে আড্ডা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং মেয়েদের উত্ত্যক্ত করছে।

গত ১০ সেপ্টেম্বর শহরের একরামপুর এলাকায়ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নজরুল ইসলাম নামের এক ব্যক্তি জানান, আখাউড়া থেকে কিশোরগঞ্জে আসার পর ১০ থেকে ১২ জনের একটি দল তাঁকে ‘বড় ভাই’ বলে সম্বোধন করে ধাক্কা দেয়। তিনি ওই এলাকার কাউকে চেনেন না জানালে তার কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে একটি  দোকানে আশ্রয় নিয়ে তিনি রক্ষা পান। এ ঘটনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধের দাবি জানিয়েছেন তিনি। তার আশঙ্কা, এ ধরনের ঘটনা চলতে থাকলে কিশোরগঞ্জে পর্যটক ও বাইরের মানুষ আসতেও ভয় পাবেন।

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাও রয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত তিন মাসে বিভিন্ন অপরাধে অন্তত ৭০ থেকে ৮০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তবে স্থানীয়দের প্রশ্ন, নিয়মিত অভিযান ও মামলা হলেও কিশোর গ্যাংয়ের তৎপরতা কেন পুরোপুরি বন্ধ হচ্ছে না? তাদের মতে, বিচ্ছিন্ন অভিযান নয়, গ্যাংগুলোর নেপথ্যে থাকা ব্যক্তি, অর্থের উৎস, মাদক ও রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের বিষয়গুলোও তদন্তের আওতায় আনতে হবে।

কিশোর গ্যাংয়ের সঙ্গে যুক্ত বলে পরিচিত কয়েকজন তরুণের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অধিকাংশই মন্তব্য করতে রাজি হয়নি।

যশোদল এলাকার নেয়াপাড়া এলাকার একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্বে ছিলেন বলে স্থানীয়ভাবে পরিচিত রাসেল। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি কিছুটা নীরব রয়েছেন বলে জানা গেছে। রাসেল বলেন, অনেক আগে ছোটখাটো মারামারি করেছি। কিছুদিন ধরে ভালোভাবেই চলাফেরা করছি।

চরশোলাকিয়ার আল আমিন ও বত্রিশ এলাকার সাজ্জাদও নিজেদের বন্ধুদের বিপদে পাশে দাঁড়ানোর কথা বলেন। তাদের ভাষ্য, বন্ধুদের রক্ষা করতে গিয়ে অনেক সময় প্রতিপক্ষের মুখোমুখি হতে হয় এবং তখন দেশীয় অস্ত্র বা চাপাতি সঙ্গে রাখতে হয়। বিপদে পড়লে ‘বড় ভাইদের’ দ্বারস্থ হওয়ার কথাও তাঁরা স্বীকার করেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য আতিয়া হোসেন মনে করেন, কিশোর গ্যাংয়ের বিস্তারের পেছনে পরিবার ও সমাজের দায়ও রয়েছে।

তিনি বলেন, অনেক কিশোরের ওপর বাবা-মায়ের প্রয়োজনীয় শাসন বা নজরদারি নেই। ফলে তারা নির্বিঘ্নে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। কিশোর সন্ত্রাসীদের নেপথ্যে কোনও কোনও ছাত্র ও যুব সংগঠনের নেতা জড়িত থাকার কথা শুনে আসছি। নেতারা তাদের অসৎ অর্থ উপার্জনের কাজে ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে।

তার মতে, কিশোরদের কেবল শাস্তি দিয়ে সমস্যার সমাধান হবে না। ভালোবাসা, পারিবারিক অনুশাসন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।

সমাজ নিয়ে গবেষণা করেন গুরুদয়াল সরকারি কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক কাজী করিম উল্লাহ নাদিম। তার মতে, কিশোরগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে।

তিনি বলেন, সন্ধ্যার পর সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে সময় কাটাচ্ছে- অনেক অভিভাবকই তার খোঁজ রাখেন না। অনেক বাবা বৈষয়িক কাজ ও অর্থ উপার্জনে এতটাই ব্যস্ত থাকেন যে সন্তানদের সময় দেওয়ার সুযোগ পান না। নিম্নবিত্ত পরিবারের ক্ষেত্রেও কোনো কোনও অভিভাবক সন্তানের অবৈধ উপার্জনের বিষয়টি জেনেও নীরব থাকেন বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, অবাধে মোবাইলফোন ব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সহিংস ও অসামাজিক কনটেন্ট দেখার প্রভাবও কিশোরদের আচরণে পড়ছে। বিভিন্ন সিনেমা, সিরিয়াল ও অনলাইন কনটেন্টে দেখা সহিংস আচরণ বাস্তব জীবনে অনুকরণ করার প্রবণতা তৈরি হতে পারে।

রাজনৈতিক আশ্রয়ের অভিযোগ অস্বীকার

কিশোর গ্যাংয়ের সঙ্গে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ সুমন বলেন, পুলিশের কাছে কিশোর অপরাধীদের বিষয়ে তথ্য রয়েছে। পুলিশ কার্যকর ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি হবে।

তারা বলেন, ছাত্রদল ও যুবদল কখনও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। কোনও নেতা বা কর্মীর বিরুদ্ধে কিশোর অপরাধীদের সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপির স্থানীয় নেতারাও দাবি করেন, শহরে কিশোর বয়সী সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। তবে দল বা অঙ্গসংগঠনের কোনও নেতা-কর্মী এতে জড়িত নন। কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও তারা জানান।

‘মাদক ও কিশোর গ্যাংয়ে জিরো টলারেন্স’

কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের বিষয়ে জিরো টলারেন্স। বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হয়েছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুল কালাম ভূইয়া বলেন, কিশোর সন্ত্রাসীদের বিষয়ে আলোচনা ও খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের অবস্থান চিহ্নিত করার কাজ চলছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সার্বিক উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুধু অভিযান নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ

কিশোর গ্যাংয়ের সমস্যা এখন আর বিচ্ছিন্ন কিছু অপরাধীর বিষয় নয়; এটি একটি সামাজিক ও আইনশৃঙ্খলাজনিত উদ্বেগে পরিণত হয়েছে। তাই শুধু গ্রেপ্তার বা মামলা দিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

বিশেষজ্ঞ ও সচেতন নাগরিকদের মতে, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার কারণ চিহ্নিত করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদক, অবৈধ অস্ত্র, চাঁদাবাজি, অনলাইন সহিংসতা এবং রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের অভিযোগগুলোও গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি।

শহরের বাসিন্দাদের প্রত্যাশা- ভয় ও আতঙ্কের পরিবেশ থেকে কিশোরগঞ্জকে বের করে এনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা