মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোর গ্যাংকে বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করে মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেছেন, মাদক এখনই রোধ করা না গেলে এর বিস্তার বাড়তে থাকবে এবং একপর্যায়ে সমাজ ভেঙে পড়বে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম নিয়ে সংসদ সদস্য ও প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় বুধবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সভায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেন।
প্রতিমন্ত্রী বলেন, “সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে কিশোর গ্যাং। তারা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে দিন দিন বিচরণ করছে। মাদক যদি এখনই রোধ করতে না পারি, একসময় এর বিস্তার দিন দিন বাড়তেই থাকবে।
“এখনই যদি এটাকে টেনে ধরতে না পারি, তাহলে একসময় এই সমাজ ভেঙে যাবে। এই পরিবেশ থাকবে না, অসুস্থ মানুষের বসবাসে পরিণত হবে। আমাদের প্রথম টার্গেট- কীভাবে মাদক নির্মূল করা যায়।”
মাদক নির্মূলে প্রতিটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে টিম গঠন করে কার্যকর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেন তিনি।
একই সঙ্গে মাদক কারবারিদের তালিকা তৈরির নির্দেশ দিয়ে বলেন, “তালিকা তৈরি করেন। সেই তালিকা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
যানজট নিরসনে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে আনার ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে। অনিয়ন্ত্রিত হয়ে গেলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে না। এখনই কীভাবে নিয়ন্ত্রণের আওতায় এবং লাইসেন্সের আওতায় আনা যায়, সেই ব্যবস্থা করতে হবে।”
তিনি বলেন, “সবাই সম্মিলিতভাবে কাজ করলে আইনশৃঙ্খলা এবং উন্নয়নের কাজগুলো করা সম্ভব। উন্নয়নমূলক কাজ ধীরগতির হলে আমাকে অবহিত করবেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।”
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতি মাসে জেলাভিত্তিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমের আপডেট নেবেন। এ জন্য সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় বক্তারা মাদক বিক্রি, কিশোর গ্যাং, ডাকাতি, চুরি ও ছিনতাই রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলা, অবৈধ দোকান উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করা, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের ওপর গুরুত্ব দেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের আরও জোরালো ভূমিকার আহ্বানও জানান সংসদ সদস্যরা।
সভায় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সংসদ সদস্য, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা-১, ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্যসহ সংরক্ষিত নারী আসনের সদস্য, জেলা পরিষদের প্রশাসক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।