চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২২ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৯ এএম
শিশু রায়হানের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকায় অপরাধী চক্রের হাতে ডান পা হারিয়ে ভিক্ষাবৃত্তিতে বাধ্য হওয়া ১২ বছরের শিশু রায়হানের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ সোমবার সন্ধ্যায় রায়হানের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
পাশাপাশি ১৮ বছর বয়স পর্যন্ত রায়হানের পড়াশোনার সব দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন ইউএনও।
একই সঙ্গে শিশুটিকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনার আশ্বাসও দেন তিনি।
রায়হান লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় তাহফিজুর কোরআন হিফজখানার ছাত্র।
প্রায় সাত মাস আগে বাবার ওপর অভিমান করে কক্সবাজারে চলে যায় সে। সেখান থেকে এক অপরিচিত ব্যক্তি বেশি উপার্জনের প্রলোভন দেখিয়ে তাকে ঢাকার কমলাপুর এলাকায় নিয়ে যায়।
রায়হানের অভিযোগ, একটি চক্র তাকে টিনের ঘরে আটকে রেখে অন্য শিশুদের সঙ্গে পানি বিক্রি করাত। আয় কম হওয়ায় একপর্যায়ে অসচেতন অবস্থায় তার ডান পা কেটে দিয়ে তাকে কমলাপুর রেলস্টেশনে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করা হয়।
সম্প্রতি চুনতি সীরত ময়দানে এক মাহফিলে রায়হানকে দেখতে পান এক প্রতিবেশী। খবর পেয়ে বাবা নাজিম উদ্দিন তাকে উদ্ধার করেন। ছেলেকে পঙ্গু অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ইউএনও মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, শিশুটির ভবিষ্যৎ সুরক্ষায় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।