লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫০ পিএম
এক পা হারিয়ে ফেরা রায়হানের ফিরে আসা স্বজনদের জন্য আনন্দের বদলে বয়ে এনেছে গভীর বেদনা। ছবি: ফেসবুক থেকে
চুল কাটতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর সাত মাস নিখোঁজ ছিল ১২ বছরের রায়হান উদ্দিন। দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি বাবার কাছে ফিরেছে সে।
তবে এক পা হারিয়ে ফেরা রায়হানের ফিরে আসা স্বজনদের জন্য আনন্দের বদলে বয়ে এনেছে গভীর বেদনা।
তার অভিযোগ, একটি চক্র তাকে ঢাকায় নিয়ে গিয়ে ডান পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছে।
রায়হান চুনতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাতগড় নোয়াপাড়া এলাকার নাজিম উদ্দীনের ছেলে। সে সাতগড় তাহফিজুর কোরআন হিফজখানার ছাত্র।
রায়হানের ভাষ্য, প্রায় সাত মাস আগে বাবা তাকে ১০০ টাকা দিয়ে চুল কাটতে পাঠান। তবে সে অভিমান করে সে কক্সবাজার চলে যায়। সেখানে প্রায় দুই মাস সমুদ্রসৈকতে কাজ করে।
পরে বেশি রোজগারের প্রলোভন দেখিয়ে এক অপরিচিত ব্যক্তি তাকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে নিয়ে যায় বলেও জানায় রায়হান।
কমলাপুরের অদূরে গাছপালা ঘেরা একটি টিনের ঘরে তাকে আরও প্রায় ২০ শিশুর সঙ্গে রাখা হতো বলেও দাবি রায়হানের।
সালমা নামে এক নারীসহ আরও দুজন তাদের পাহারা দিত। শিশুরা কমলাপুর রেলস্টেশনে পানি বিক্রি করত। আয় কম হওয়ায় একপর্যায়ে চক্রটি তার ডান পা কেটে তাকে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করে বলে অভিযোগ রায়হানের।
তার দাবি, একদিন সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পায়, তার ডান পা কাটা। প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। ট্রেনে পা কেটে গেছে- হাসপাতালের চিকিৎসককে এমন কথা বলতে তাকে শিখিয়ে দেয় চক্রের সদস্যরা
পরে কমলাপুর রেলস্টেশনে বসিয়ে তাকে ভিক্ষা করতে বাধ্য করা হতো। প্রতিদিন ৫০০ টাকা করে চক্রের সদস্যদের দিতে হতো বলেও জানায় সে।
সম্প্রতি চুনতি ইউনিয়নে ১৯ দিনব্যাপী চুনতি সীরত মাহফিলের সমাপনী দিনে সীরাত ময়দানে রায়হানকে দেখতে পান এক প্রতিবেশী।
খবর পেয়ে সেখানে ছুটে যান বাবা নাজিম উদ্দিন। সাত মাস পর ছেলেকে ফিরে পেয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।
রায়হানের বাবা বলেন, “সাত মাস আগে চুল কাটতে যাওয়ার কথা বলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। কত রাত যে ছেলেকে খুঁজে কেটেছে, তা বলে বোঝাতে পারব না। আজ ছেলেকে ফিরে পেয়েছি, কিন্তু তার এই অবস্থা দেখে বুকটা ফেটে যাচ্ছে। আমার ছেলের এই সর্বনাশ যারা করেছে, তাদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি চাই।”
রায়হানের দাবি, ওই চক্রের সঙ্গে আরও কয়েকজন শিশু রয়েছে। তবে তাদের কারও নাম-পরিচয় সে জানে না। একপর্যায়ে কৌশলে চক্রটির কাছ থেকে বের হয়ে কোনোভাবে চুনতির সীরত মাহফিলে এসে আশ্রয় নেয় সে।
জাতীয় লিগ্যাল এইড অধিদপ্তরের প্যানেল আইনজীবী মো. নওশাদ আলী বলেন, এটি মানবপাচার, অপহরণ, অঙ্গহানি ও শিশু নির্যাতনের জঘন্য অপরাধ।
তার মতে, ‘মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২’ এবং ‘শিশু আইন, ২০১৩’-এ মামলা করে জড়িতদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, রায়হানের বাবা থানায় এসেছিলেন। যেহেতু ঘটনাস্থল লোহাগাড়া নয়, তাই তাকে ঘটনাস্থল মতিঝিল থানায় যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।