লক্ষ্মীপুর প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৭ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি
লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার(৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে ওই দুই শিশু মারা যায় বলে জানিয়েছে স্থানীয়রা।
নিহত আবু সিদ্দিক পাটোয়ারী সদর উপজেলার শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার (সিদ্দিক) ছেলে আব্দুল আজিজের সন্তান ও পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।
লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ পারভেজ এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। সিদ্দিক পানিতে নেমে ডুব দেওয়ার পর অনেকক্ষণ পানি থেকে উঠেননি। এক পর্যায়ে নাতি পিয়াস ও নাতনি পপি তাকে পানিতে খুঁজতে গিয়ে তারাও ডুবে মারা যায়। ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
পরিবারের ধারণা, আবু সিদ্দিক পানিতে ডুব দিয়ে স্ট্রোক করেছেন। যার কারণে তিনি ডুব দিলেও আর উঠতে পারেননি। পরে তাকে বাঁচাতে গিয়ে নাতি-নাতনিও পানিতে ডুবে মারা গেছে।
শাকচর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, “একই পরিবারের তিনজন মারা গেছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক”।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, “ঘটনাটি শুনেছি। খুবই দুঃখজনক। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।