× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ৪ শিশুসহ পাঁচ জনের

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ০৮:৫৯ এএম

ওপরে বাঁ দিকে থেকে নিহত আরিফ হোসেন , শুভ ইসলাম স্মরণ এবং নিচে বাঁ দিকে থেকে নিহত নাঈম মিয়া, বাছির উদ্দিন মিলন । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

ওপরে বাঁ দিকে থেকে নিহত আরিফ হোসেন , শুভ ইসলাম স্মরণ এবং নিচে বাঁ দিকে থেকে নিহত নাঈম মিয়া, বাছির উদ্দিন মিলন । কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জের পাঁচ উপজেলায় মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক পাঁচটি মর্মান্তিক ঘটনায় পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

জেলার নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব ও করিমগঞ্জে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

একের পর এক মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

বিশেষ করে চার শিশুর মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও নিহতদের বাড়ির পরিবেশ।

নিহত শিশুরা হলো মোহাম্মদ হাকিম (৫), আরিফ হোসেন (১২), নাঈম মিয়া (১১), শুভ ইসলাম স্মরণ (১২)। এছাড়াও মারা গেছেন ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন (৩৮)।

জানা যায় শুক্রবার সকাল ৮টার দিকে নিকলী উপজেলার নানশ্রী গ্রামে বাড়ির পাশে বড় ভাই ও কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল হাকিম। খেলতে খেলতে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।

কিছুক্ষণ পর বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলেও জানা যায়।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

হাওর ভ্রমণ হলো শেষ যাত্রা

একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার বাইতুল কোরআন কওমি মাদ্রাসার এক শিক্ষক ও প্রায় ৪০ শিক্ষার্থী শিক্ষা সফরে মিঠামইনের হাওরে যান।

হাওর ভ্রমণ শেষে ইসলামপুর ঘাট এলাকায় সবাই গোসল করতে নামলে তীব্র স্রোতে ভেসে যায় শিক্ষার্থী আরিফ হোসেন।

শিক্ষক, সহপাঠী ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুরে ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম জানান, স্থানীয়দের সহযোগিতায় আরিফের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুপুর ২টার দিকে কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামের নাঈম মিয়া কয়েকজন সহপাঠীর সঙ্গে গ্রামের বিলে গোসল করতে যায়। সাঁতার না জানায় সে একটি প্লাস্টিকের বোতল ভাসমান সহায়তা হিসেবে ব্যবহার করছিল।

তবে গোসল শেষে বাড়ির পথে রওনা দেওয়ার পর তার মনে পড়ে বোতলটি বিলে ফেলে এসেছে। সেটি আনতে একাই ফিরে গেলে পা পিছলে গভীর পানিতে পড়ে ডুবে যায় বলে জানা যায়।

দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, পানিতে ডুবে নাঈমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মেয়েকে বাঁচিয়ে হারালেন নিজের জীবন

অন্যদিকে ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকার শুভ ইসলাম স্মরণ বৃহস্পতিবার গোসল করতে বের হয়ে নিখোঁজ হয়।পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এরপর শুক্রবার সকালে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বিকালে স্থানীয়রা জগন্নাথপুর এলাকার নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ভৈরব থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) লিমন বোস জানান, নিখোঁজ হওয়ার একদিন পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সবশেষে শুক্রবার বিকালে করিমগঞ্জের বালিখলা হাওরে ঘটে আরেকটি হৃদয়বিদারক ঘটনা।

কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার বাসিন্দা ও ফিজিওথেরাপিস্ট বাছির উদ্দিন মিলন পরিবার নিয়ে হাওরে বেড়াতে যান। নৌকাভ্রমণের সময় মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় তার ছোট মেয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।

মেয়েকে বাঁচাতে এক মুহূর্ত দেরি না করে মিলন পানিতে ঝাঁপ দেন। তিনি মেয়েকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও তীব্র স্রোতে নিজেই তলিয়ে যান।

পরে স্থানীয় নৌকাচালক ও এলাকাবাসী দীর্ঘ সময় অনুসন্ধানের পর তার মরদেহ উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকির কথা একবারও ভাবেননি মিলন। তার আত্মত্যাগে শিশু কন্যাটি প্রাণে বাঁচলেও তিনি আর জীবিত ফিরে আসেননি।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান জানান, স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা