× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কয়রায় লবণাক্ততার শিকল ভেঙে তরমুজ চাষে সফলতা

মোস্তাফিজুর রহমান, কয়রা (খুলনা)

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৫৬ পিএম

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:১১ পিএম

 জলবায়ু ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে খুলনার কয়রায় মৎস্যঘেরের পাড়ে অসময়ে তরমুজ চাষে সাফল্য পাচ্ছেন কৃষকেরা।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলবায়ু ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে খুলনার কয়রায় মৎস্যঘেরের পাড়ে অসময়ে তরমুজ চাষে সাফল্য পাচ্ছেন কৃষকেরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

উপকূলের প্রতিকূল জলবায়ু ও লবণাক্ততার সঙ্গে লড়াই করে খুলনার কয়রায় মৎস্যঘেরের পাড়ে অসময়ের (অফ-সিজন) তরমুজ চাষে সাফল্য পাচ্ছেন কৃষকেরা। 

একসময় বছরের পর বছর অনাবাদি পড়ে থাকা ঘেরের পাড় এখন কৃষকদের বাড়তি আয়ের উৎস হয়ে উঠেছে।

কৃষি বিভাগের পরামর্শ, উঠান বৈঠক, মাঠ দিবস ও কারিগরি সহায়তায় এসব জমিতে গড়ে উঠেছে সম্ভাবনাময় তরমুজের আবাদ।

আরও পড়ুন
অসময়ের আমে বাজিমাত

উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কয়রায় মোট ২৩ হেক্টর ঘেরের পাড়ে অফ-সিজন তরমুজ চাষ হয়েছে। এ চাষের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন ২২০ জন কৃষক।

অনাবাদি পাড়ে সুপার ড্রাগন, বিগ মালী, আস্থা+, সনি, হায়দ্রাবাদ আস্থা, মিম আস্থা, বিগ আস্থা ও এমআর-১৩১৮সহ উচ্চফলনশীল বিভিন্ন জাতের তরমুজ চাষ করা হয়েছে।

ক্ষেতজুড়ে ৩ থেকে ৭ কেজি ওজনের তরমুজের ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব তরমুজ যাচ্ছে খুলনা জেলা শহর ও ঢাকার পাইকারি বাজারেও।

কৃষকেরা জানান, প্রথম বছর মাচা তৈরিতে খরচ কিছুটা বেশি হলেও পরবর্তী বছরগুলোতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসে। এতে লাভের পরিমাণও বাড়ে।

বগা গ্রামের কৃষক সুজয় বৈরাগী জানান, কৃষি অফিসের পরামর্শে এক বিঘা ঘেরের পাড়ে তরমুজ চাষ করেছেন। আগের মাচা ব্যবহার করায় বীজ, সার ও পরিচর্যাসহ খরচ হয়েছে ৮ থেকে ১০ হাজার টাকা। 

তিনি আরও জানান, এক বিঘা জমি থেকে প্রায় এক লাখ টাকার তরমুজ বিক্রি করে সব খরচ বাদে তার নিট লাভ হয়েছে প্রায় ৯০ হাজার টাকা। এবার প্রতি মণ তরমুজ বিক্রি করেছেন এক হাজার ৮০০ টাকায়; গত বছর দাম ছিল এক হাজার ৬৫০ টাকা।

বাগালী ইউনিয়নের ঠাকুরচক গ্রামের কৃষক শুভ্র বাহাদুর এবার প্রথমবার এক হাজার ১০০টি চারা রোপণ করেছেন। তার ক্ষেতে প্রতিটি তরমুজের ওজন হয়েছে ৪ থেকে ৭ কেজি। প্রথমবার মাচা ও আনুষঙ্গিক কাজে ৫০-৫৫ হাজার টাকা খরচ হলেও আগামী বছর এ ব্যয় অনেকটাই কমবে বলে আশা তার।

কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ বলেন, কয়রার মাটি ও আবহাওয়া অফ-সিজন তরমুজ চাষের জন্য সম্ভাবনাময়। কৃষকদের প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি উৎপাদিত তরমুজ দ্রুত ও ন্যায্যমূল্যে বিক্রির জন্য খুলনা ও ঢাকার আড়তদারদের সঙ্গে যোগাযোগেও সহযোগিতা করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা