× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রান্নার সময় গরুর মাংস সবুজ হওয়ার কারণ জানাল বিএফএসএ

খুলনা অফিস

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ২১:০২ পিএম

গত ২২ জুলাই পিকনিকের জন্য বাজার থেকে কেনা প্রায় চার কেজি মাংস রান্নার সময় সবুজ হয়ে যায়। ফাইল ছবি

গত ২২ জুলাই পিকনিকের জন্য বাজার থেকে কেনা প্রায় চার কেজি মাংস রান্নার সময় সবুজ হয়ে যায়। ফাইল ছবি

রান্নার দুই মিনিটের মধ্যেই গরুর মাংস লাল থেকে উজ্জ্বল সবুজ, সঙ্গে মাংস ধোয়ার পানিও কালচে। খুলনার পাইকগাছায় এমন ঘটনায় কয়েক সপ্তাহ আগে চাঞ্চল্য ছড়িয়েছিল। বাজার থেকে কেনা প্রায় চার কেজি মাংস রান্নার সময় রং বদলে যাওয়ার ঘটনায় রাসায়নিক কিংবা পচন নিয়ে তৈরি হয়েছিল নানা প্রশ্ন।

অবশেষে ল্যাব পরীক্ষায় সেই রহস্যের অনেকটাই খুলেছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় মাংসে কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া কিংবা রং উৎপাদনকারী সিউডোমোনাস (Pseudomonas) পাওয়া যায়নি। মাংসে পচনের দুর্গন্ধ বা আঠালো ভাবও ছিল না। 

পরীক্ষকদের ধারণা, দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণের পর উচ্চ তাপে রান্নার কারণে মাংসের মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক পদার্থের রাসায়নিক পরিবর্তনেই সবুজ রং তৈরি হয়ে থাকতে পারে।

২৭ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য বিশ্লেষক নাজিয়া সুলতানার স্বাক্ষর করা ল্যাবরেটরি পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাইকগাছা পৌরাঞ্চলে রান্নার সময় মাংসের লাল রং উজ্জ্বল সবুজ হয়ে যাওয়ার ঘটনার পর বিএফএসএর খুলনা জেলা কার্যালয় থেকে কাঁচা ও রান্না করা মাংসের নমুনা সংগ্রহ করে প্রধান কার্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষা ও বিশ্লেষণের পর মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া বা পিগমেন্ট উৎপাদনকারী সিউডোমোনাস এর উপস্থিতি পাওয়া যায়নি।

পরীক্ষায় মাংসে পচনশীল দুর্গন্ধ কিংবা আঠালো ভাবও পাওয়া যায়নি। ফলে ব্যাকটেরিয়ার সংক্রমণ বা পচনের কারণে মাংসের রং বদলেছে, এমন আশঙ্কারও ভিত্তি মেলেনি।

স্পেকট্রোফোটোমেট্রিক পরীক্ষার ফল বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় ফ্রিজে সংরক্ষণ এবং পরে রান্নার সময় উচ্চ তাপের সংস্পর্শে আসায় মাংসের মায়োগ্লোবিন বা হিম-রঞ্জক পদার্থের রাসায়নিক রূপান্তর কিংবা গাঠনিক পরিবর্তন হয়ে থাকতে পারে। আর সেই কারণেই মাংস সবুজ রং ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে।


ঘটনাটি নিয়ে প্রথম চাঞ্চল্য তৈরি হয় গত ২২ জুলাই। সেদিন সকালে পাইকগাছা পৌর মাংস বাজারের ব্যবসায়ী ইসমাইল কসাইয়ের কাছ থেকে স্থানীয় মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের জন্য ৩ কেজি ৯০০ গ্রাম ফ্রিজে সংরক্ষিত গরুর মাংস কেনেন।

তাদের অভিযোগ, রান্না শুরুর মাত্র দুই মিনিটের মধ্যেই মাংসের রং সবুজ হয়ে যায়। মাংস ধোয়ার সময় পানিও কালচে হয়ে যায় বলে তারা জানান।

ঘটনার পর রান্না করা মাংসের কড়াই নিয়ে তারা পাইকগাছা থানায় যান। বিষয়টি জানাজানি হলে বাজারে নিম্নমানের মাংস কিংবা কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের গুজবও ছড়িয়ে পড়ে।

তবে মাংস বিক্রেতা ইসমাইল কসাই তখন দাবি করেছিলেন, একই মাংস সেদিন আরও অনেক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। কিন্তু মডার্ন বেকারির কর্মচারী ছাড়া অন্য কেউ অভিযোগ করেননি।

তার দাবি ছিল, মাংসে কোনো রাসায়নিক বা ক্ষতিকর পদার্থ ব্যবহার করা হয়নি।

ইসমাইলের দাবি, তিনি প্রায় ১৫ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছেন। বেকারিতে ব্যবহৃত কোনো রং বা রাসায়নিক ভুলবশত রান্নার সময় মাংসের সঙ্গে মিশে গেলেও এমন ঘটনা ঘটতে পারে বলে তিনি আশঙ্কা করেছিলেন।

এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে প্রকৃত কারণ জানতে পরীক্ষার দাবি ওঠে। শেষ পর্যন্ত সে মাংসের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা