× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবুজ মাংস নিয়ে বিভ্রান্তি: সম্ভাব্য কারণগুলো জানালেন বাকৃবি অধ্যাপক

বাকৃবি প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১৯:৫৫ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৬ ১৩:০৫ পিএম

রান্নার পর মাংসের কোনো অংশ সবুজাভ হলে এবং ঝোলের রং স্বাভাবিক থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে জানিয়েছেন বাকৃবির অধ্যাপক ড. মিনারা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রান্নার পর মাংসের কোনো অংশ সবুজাভ হলে এবং ঝোলের রং স্বাভাবিক থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত বলে জানিয়েছেন বাকৃবির অধ্যাপক ড. মিনারা খাতুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার পাইকগাছা পৌরসভায় গরুর মাংস রান্নার সময় হঠাৎ লাল রং থেকে সবুজাভ হয়ে যাওয়ার ঘটনা দেশজুড়ে আলোড়ন তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ছবি ও ভিডিও নিয়ে নানা ধরনের ব্যাখ্যা ও শঙ্কা তৈরি হলেও পরীক্ষাগারভিত্তিক বিশ্লেষণ ছাড়া সিদ্ধান্তে না পৌঁছানোর পরামর্শ দিয়েছেন এক  বিশেষজ্ঞ।

পাইকগাছা পৌরসভার মডার্ন বেকারির কয়েকজন কর্মী গত বুধবার পিকনিকের জন্য কেনা গরুর মাংস রান্নার সময় দেখতে পান, এর রং অস্বাভাবিকভাবে সবুজ হয়ে গেছে। বিষয়টি দেখে তারা রান্না করা মাংসসহ কড়াই থানায় নিয়ে যান। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খাদ্য নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়, তবে এখন পর্যন্ত এ ঘটনার কারণ সম্পর্কে কোনো পরীক্ষাগারভিত্তিক প্রতিবেদন প্রকাশ হয়নি।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মোছা. মিনারা খাতুন জানান, রান্নার পর মাংসের কোনো অংশ সবুজাভ হলে এবং ঝোলের রং স্বাভাবিক থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত, তবে শুধু ছবি বা ভিডিও দেখে এর কারণ নির্ধারণ করা বৈজ্ঞানিকভাবে সম্ভব নয়। প্রকৃত কারণ জানতে মাইক্রোবায়োলজিক্যাল ও রাসায়নিক পরীক্ষা অপরিহার্য।

মাংস সবুজ হওয়ার সম্ভাব্য কয়েকটি কারণ নিয়ে তিনি জানান, মাংসের রং নির্ধারণকারী রঞ্জক পদার্থ মায়োগ্লোবিন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার কারণে সবুজাভ বর্ণ ধারণ করতে পারে। আবার সিউডোমোনাসের মতো কিছু ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য অণুজীবের বৃদ্ধির ফলেও এমন পরিবর্তন দেখা যেতে পারে। এ ছাড়া অনুপযুক্ত তাপমাত্রায় সংরক্ষণ, দীর্ঘ সময় ফ্রিজে রাখা, অক্সিডেশন, রান্নার সময় ধাতব পাত্রের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া এবং জবাই-পরবর্তী সংরক্ষণ ও পরিবহনের ত্রুটিও সম্ভাব্য কারণ হতে পারে।

অধ্যাপক মিনারা খাতুনের মতে, শুধু এক দিন ফ্রিজে রাখার কারণে সাধারণত গরুর মাংস সবুজ হয়ে যায় না। শূন্য থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সঠিকভাবে সংরক্ষণ করা হলে মাংসের রং কিছুটা গাঢ় বা বাদামি হতে পারে, তবে স্পষ্ট সবুজ হয়ে যাওয়া স্বাভাবিক নয়।


মাংস সবুজ হওয়া ও ঝোলের রং স্বাভাবিক থাকার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ঝোলের রং মূলত মাংসের রঞ্জক পদার্থ, মসলা ও রান্নার সময় সংঘটিত বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ওপর নির্ভর করে। ফলে মাংসের নির্দিষ্ট অংশে পরিবর্তন ঘটলেও পুরো ঝোলের রং অপরিবর্তিত থাকতে পারে। তাই ঝোলের রং স্বাভাবিক থাকলেই মাংস নিরাপদ, এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

একই গরুর মাংস কিনে অন্যরা কোনো সমস্যায় পড়েননি—মাংস বিক্রেতার এমন দাবি নিয়ে তিনি বলেন, একই পশুর বিভিন্ন অংশের সংরক্ষণ পরিবেশ, তাপমাত্রা, আর্দ্রতা ও দূষণের মাত্রা ভিন্ন হতে পারে। ফলে সব অংশে একই ধরনের পরিবর্তন নাও ঘটতে পারে। তাই অন্যদের কিছু হয়নি—এ যুক্তি খাদ্য নিরাপত্তার বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয়।

বেকারির কোনো রাসায়নিক পদার্থের সংস্পর্শে মাংস সবুজ হয়ে যাওয়ার যে জল্পনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তারও সুনির্দিষ্ট বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে জানান এ বিশেষজ্ঞ। কারণ খাদ্যশিল্পে ব্যবহৃত অধিকাংশ রাসায়নিক সাধারণত তাপের সংস্পর্শে এসে মাংসকে সবুজ করে না।

তিনি আরও জানান, বিশ্বের বিভিন্ন দেশে মাংস, হ্যাম ও সসেজে সবুজাভ বর্ণের ঘটনা বৈজ্ঞানিক গবেষণায় উল্লেখ রয়েছে। এসব ক্ষেত্রে মায়োগ্লোবিনের রাসায়নিক পরিবর্তন, ব্যাকটেরিয়া ও ছত্রাকের বৃদ্ধি, অক্সিডেশন, আলোর প্রতিফলনজনিত ইরিডেসেন্স এবং সংরক্ষণ ও পরিবহনের ত্রুটি সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত হয়েছে, তবে প্রতিটি ঘটনার প্রকৃত কারণ জানতে পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করাই একমাত্র নির্ভরযোগ্য উপায়।

ভোক্তাদের উদ্দেশে অধ্যাপক মিনারা খাতুন বলেন, মাংসে অস্বাভাবিক সবুজ রং, দুর্গন্ধ, পিচ্ছিল ভাব বা অন্য কোনো অস্বাভাবিকতা দেখা গেলে তা খাওয়া থেকে বিরত থাকা উচিত। 

নমুনা পরীক্ষার ব্যবস্থা এবং পরীক্ষার ফল না আসা পর্যন্ত গুজব বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানান তিনি।

এ বিশেষজ্ঞ আরও বলেন, খাদ্যের রং, গন্ধ বা গঠন স্বাভাবিক থাকলেই তা শতভাগ নিরাপদ—এমন নয়। আবার শুধু রঙের পরিবর্তন দেখেই সেটিকে বিষাক্ত বলাও বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে মূলনীতি হওয়া উচিত—সন্দেহ হলে খাবেন না, পরীক্ষা করুন। পাশাপাশি মাংস কোথা থেকে এসেছে, কবে জবাই হয়েছে এবং কীভাবে সংরক্ষণ করা হয়েছে, সে তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকা উচিত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা