× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার খুনের রহস্যের মধ্যেই অটোচালককে গলা কেটে হত্যা, উদ্বিগ্ন রংপুরবাসী

ইউএনবিন

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ১৬:০৮ পিএম

আপডেট : ২৯ আগস্ট ২০২৬ ১৬:০৯ পিএম

রংপুরের শান্তিপাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একটি বটগাছের নিচে মুখলেসুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জড়ো হন। ছবি: সংগৃহীত

রংপুরের শান্তিপাড়া এলাকায় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একটি বটগাছের নিচে মুখলেসুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা জড়ো হন। ছবি: সংগৃহীত

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য পুরোপুরি উদঘাটন না হতেই গলাকাটা অবস্থায় এক অটোচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় জেলাজুড়ে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

গজঘণ্টা শান্তিপাড়া এলাকায় শুক্রবার রাতে একটি বটগাছের নিচ থেকে মুখলেসুর রহমান (৬০) নামে ওই অটোরিকশা-চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মুখলেসুর রহমান গঙ্গাচড়া উপজেলার নবনীদাস গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শান্তিপাড়া এলাকায় নির্জন স্থানে বটগাছের নিচে মুখলেসুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এক যুবক চিৎকার করে ওঠেন। পরে আশপাশের লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ও ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ উদ্ধার করেন।

ঘটনাস্থলে মুখলেসুরের অটোরিকশাটি পাওয়া যায়নি। পুলিশ ধারণা করছে, অটোরিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে। রিকশাটি উদ্ধারে এবং হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিহতের ভাতিজা আব্দুল কুদ্দুস বলেন, মুখলেসুর গত ২০-২৫ বছর ধরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। 

অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা থেকে ধস্তাধস্তির একপর্যায়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে বলেও ধারণা তার।

গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর সবুর বলেন, মুখলেসুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছিনতাই হওয়া অটোরিকশা উদ্ধার এবং হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

৪ খুনের আসামির পক্ষে লড়বে না রংপুর আইনজীবী সমিতি

এদিকে, রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় আসামিদের পক্ষে আইনি লড়াই না করার ঘোষণা দিয়েছে রংপুর আইনজীবী সমিতি।

আইনজীবী সমিতি ভবনে শনিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফতাব উদ্দিন এ ঘোষণা দেন।

তিনি বলেন, রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনা নিকৃষ্টতম। আইনজীবী সমিতি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে।

আফতাব উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর পুলিশ দুইজনকে আটক করেছে এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত গহনা উদ্ধার করা হয়েছে। আটক দুজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তার ভাষ্য, পুলিশি তৎপরতা ও সাংবাদিকদের সহযোগিতায় তদন্ত সঠিক পথেই এগোচ্ছে।

তিনি বলেন, আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে আলোচনা করে এই হত্যা মামলার আসামিদের পক্ষে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে সব ধরনের আইনি সহায়তা দিতে সমিতি প্রস্তুত।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ হত্যাকাণ্ড নিয়ে গুজব ও নানা ধরনের গল্প ছড়ানো এবং ঘটনাটিকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার না করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “এই হত্যাকাণ্ড নিয়ে কেউ রাজনীতি করবেন না। কোনো প্রকার গুজব ছড়াবেন না।”

সাংবাদিকদেরও হত্যাকাণ্ডের বিষয়ে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

এ সময় রংপুর সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর আইনজীবী সমিতির অ্যাডভোকেট সাহেদ কামাল ইবনে খতিব, জামায়াতের আইনজীবী অ্যাডভোকেট কাওছার আলীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের মাঝে উদ্বেগ

চার সদস্য হত্যাকাণ্ডের তদন্ত চলার মধ্যেই অটোরিকশা-চালক হত্যার ঘটনা রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

স্থানীয়দের অভিযোগ, গজঘণ্টা এলাকায় মাদকের বিস্তার বেড়েছে এবং মাদকাসক্তদের কারণে অপরাধও বাড়ছে। তবে অটোরিকশা-চালক হত্যার সঙ্গে মাদকের সম্পৃক্ততার বিষয়টি এখনও নিশ্চিত নয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সাম্প্রতিক সময়ে হত্যা, ছিনতাই, ডাকাতি ও চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে সন্ধ্যার পর জরুরি প্রয়োজন ছাড়া অনেকে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা