পরিবারের সঙ্গে নৌকাডুবিতে নিহত আলবার্ট। ছবি: প্রতিদিনের বাংরাদেশ
কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকার সাগরে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া কিশোর আলবার্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুতুববাজার সংলগ্ন সাগর উপকূলে মরদেহটি ভেসে আছে।
কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে আনা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকায় সাগরে ভ্রমণের সময় ঢেউয়ের ধাক্কায় ডুবে যায় নিউ জিল্যান্ডের বাসিন্দা আলবার্টের পরিবারের সদস্যদের বহনকারী ওই ফিশিং ট্রলারটি।
এসময় স্থানীয় জেলেরা নিখোঁজ আলবার্টের বাবা জন এডওয়ার্ড (৭৪), মা বেলা (৩৬) ও ভাই রালফকে (১৩) জীবিত উদ্ধার করেছিলেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিখোঁজ ছিল কিশোর আলবার্ট (১৬)।
পুলিশ বলছে, নিউ জিল্যান্ডের নাগরিক ওই পরিবারটির চার সদস্য নিজেদের তৈরি নৌকা নিয়ে কক্সবাজার ঘুরতে এসেছিলেন। গত ৮ এপ্রিল রাতে মহেশখালী উপজেলার কুতুবজোম উপকূলে ডাকাতির শিকারও হয়েছিলেন তারা। এরপর থেকে পরিবারটির সদস্যরা কোস্ট গার্ডের হেফাজতে ছিলেন।
যদিও এ বিষয়টি নিয়ে কোস্টগার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, জীবিত উদ্ধার ৩ জন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের অধীনে রয়েছেন।