অভিযানে নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ছয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম বন্দরের নেভিগেশনাল চ্যানেল ও বহিঃনোঙরে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে বন্দর কর্তৃপক্ষ।
প্রায় পাচ ঘণ্টা ধরে চলা এই অভিযানে মঙ্গলবার নৌ-চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ছয়টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে।
এ সময় নেভিগেশনাল রুটে অবস্থানরত ফিশিং বোটগুলোকে চ্যানেল এলাকা থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি মাঝি-মাল্লাদের নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলার বিষয়ে সচেতন করা হয় এবং জাহাজ চলাচলের পথে কোনো ধরনের জাল বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সতর্ক করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বন্দরের নেভিগেশনাল চ্যানেল ও বহিঃনোঙরে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারী-১২’ ও চারটি স্থানীয় বোট অংশ নেয়। বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ও একটি বোটও অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করে।
কর্ণফুলী চ্যানেল ও বহিঃনোঙরের মূল শিপিং চ্যানেলজুড়ে তদারকি ও উচ্ছেদ কার্যক্রম পরিচালনার সময় ভিএইচএফ চ্যানেল-১২ ও ১৬-এর জেনারেল ব্রডকাস্টের মাধ্যমেও সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
নৌযানগুলোকে নির্ধারিত নৌ-চলাচল রুট মেনে চলা, নেভিগেশনাল চ্যানেল নিরাপদ রাখা এবং জাহাজ চলাচলের পথে জাল বা অন্য কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়।