সিলেট প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬ ১৮:৫৮ পিএম
সিউকের অস্থায়ী কার্যালয়ে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিলেট নগরীর আবাসিক এলাকায় আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম কিংবা বাণিজ্যিক ভবনে আবাসিক কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।
সিউকের অস্থায়ী কার্যালয়ে রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসিক স্থাপনায় বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই। একইভাবে বাণিজ্যিক স্থাপনায় আবাসিক কার্যক্রমও অনুমোদনযোগ্য নয়। অনুমোদন ছাড়া এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে”।
সিউক চেয়ারম্যান বলেন, “সিলেট ও এর সন্নিহিত এলাকাকে পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়েছে। এ আইনের আওতায় ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করা, ভবন নির্মাণ ও অনুমোদন, আবাসন প্রকল্প গ্রহণ, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণসহ নগর উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে সিউক”।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট ও এর সন্নিহিত এলাকায় আধুনিক ও পর্যটন নগরী প্রতিষ্ঠার লক্ষ্যে সিউক গঠন করা হয়েছে। গত ১৯ জানুয়ারি এসআরও নং ২৩-আইন/২০২৬-এর মাধ্যমে সরকার ২০২৩ সালের ১৮ ডিসেম্বরকে সিউক আইন কার্যকরের তারিখ হিসেবে ঘোষণা করে।
সিউক ২১ সদস্যবিশিষ্ট কর্তৃপক্ষ হিসেবে গঠিত হবে। চেয়ারম্যানের সভাপতিত্বে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধি, চারজন সদস্য, তিনজন বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে কর্তৃপক্ষ গঠিত হবে। একজন নির্বাহী পরিচালক সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
চেয়ারম্যান জানান, সিলেট মহানগরীর ৭৯ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকার পাশাপাশি সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ—এই চার উপজেলা নিয়ে প্রায় ৯৯৫ বর্গকিলোমিটার এলাকাকে সিউকের অধিক্ষেত্রের আওতায় আনার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, “চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আদলে সিউকের অধিভুক্ত এলাকায় পাহাড়, টিলা, নদী ও খালসহ প্রাকৃতিক বৈশিষ্ট্য অক্ষুণ্ন রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। বর্তমানে সিডিএর অধিক্ষেত্র ১ হাজার ১৬৫ বর্গকিলোমিটার”।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সিউকের রাজস্ব খাতে ৬৭টি ক্যাটাগরিতে ৭১৪টি পদ সৃষ্টির প্রস্তাব ইতোমধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি এসব পদের যৌক্তিকতা, বেতন স্কেল, নিয়োগযোগ্যতা নির্ধারণ ও প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে। স্থায়ী ও আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়ে দাপ্তরিক কার্যক্রমও শুরু হয়েছে।
স্থায়ী কার্যালয়ের জন্য জমি বরাদ্দের বিষয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ইমারত নির্মাণ আইন ১৯৫২, ইমারত নির্মাণ বিধিমালা ১৯৯৬, বিএনবিসি ২০২০ ও সিউক আইন ২০২৩ অনুযায়ী প্রকৌশলী, স্থপতি ও কারিগরি প্রতিষ্ঠান তালিকাভুক্তির কাজ চলছে। রিয়েল এস্টেট ডেভেলপারদেরও তালিকাভুক্ত করা হচ্ছে।
সিউক চেয়ারম্যান বলেন, “চূড়ান্ত মাস্টারপ্ল্যান প্রণয়ন না হওয়া পর্যন্ত সিউক আইনের ১৯ ধারা অনুযায়ী গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন পরিত্যক্ত বা অবৈধ দখলে থাকা জমি উদ্ধার করে অন্তর্বর্তীকালীন উন্নয়ন প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে”।
তিনি জানান, সিউকের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মধ্যে রয়েছে ধাপে ধাপে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় জনবল নিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কর্মপরিবেশ সৃষ্টি এবং সেবাগ্রহীতাদের দ্রুত ও দুর্নীতিমুক্ত সেবা দিতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা।
এ ছাড়া মাস্টারপ্ল্যানে পর্যটন অঞ্চল হিসেবে চিহ্নিত স্থানগুলোর সুরক্ষা, পর্যটন বিনিয়োগ আকৃষ্ট করা, প্রবাসীদের জন্য সুযোগ-সুবিধাসম্পন্ন আবাসন প্রকল্প গ্রহণ, সিউকের স্থায়ী কার্যালয়ে কার্যক্রম স্থানান্তর এবং দুটি জোনাল অফিস স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন আবাসন প্রকল্পে ভবন, পার্ক, রাস্তা, ফুটপাত ও খেলার মাঠের পাশে সবুজ বৃক্ষরোপণ, গ্রিন বিল্ডিং সার্টিফিকেশনের ব্যবস্থা, সিলেট সিটি করপোরেশনসংলগ্ন এলাকায় নিম্নআয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণ এবং সিউকের আওতাভুক্ত এলাকায় পরিকল্পিত নগরায়ণ ও ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করার কথা জানানো হয়।
এ ছাড়া সিলেট-তামাবিল সড়কসংলগ্ন আবাসিক এলাকার উন্নয়ন, বাদাঘাট এলাকার জেল রোডসংলগ্ন আবাসিক এলাকার উন্নয়ন এবং বিভিন্ন সংযোগ সড়ক, বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
সিউক চেয়ারম্যান বলেন, “আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় সভা, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং স্থপতি ও ডেভেলপারদের নিয়ে আধুনিক নগর ব্যবস্থাপনা বিষয়ে সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করা হবে”।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৫ আগস্ট দুপুর সাড়ে ১২টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় ২৯/এ (ফরচুন গার্ডেন), বঙ্গবীর রোড, নাইওরপুলের ষষ্ঠ তলায় আনুষ্ঠানিক কার্যক্রম ও কার্যালয় উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সুধী সমাবেশও অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি এবং উদ্বোধক হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী জাকারিয়া তাহের এমপি উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ ছাড়া প্রবাসী ও বৈদেশিক কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সিলেটের সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।