পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় গ্রেপ্তার হওয়া জসিম ও মোহন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানের সময় অস্ত্রধারীদের সঙ্গে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় এক অস্ত্রধারী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন পুলিশের তিন সদস্য।
ফতুল্লা থানাধীন ইসদাইর রেলস্টেশনের পাশে আরবান স্কুলের সামনে শনিবার বেলা সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইসদাইর এলাকার জসিম (২৪) ও মোহন (২৩)।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইসদাইর এলাকায় ৭ থেকে ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালাচ্ছিল পুলিশের একটি দল। এ সময় পুলিশের আভিযানিক দলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক ও এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার তাঁদের কাছে থাকা অস্ত্র দিয়ে ৮ রাউন্ড গুলি ছোড়েন।
পুলিশের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে অস্ত্রধারী জসিমের ঊরুতে গুলি লাগে। এ সময় পুলিশের তিন সদস্যও আহত হন।
আহত পুলিশ সদস্য ও জসিমকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।