শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৪:৪৬ পিএম
গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
গাজীপুরের কালীগঞ্জে ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতের দা’য়ের কোপে গৃহবধূ কামরুন আক্তার
(৩৫) নিহত এবং এলোপাতাড়ি হামলায় ব্যবসায়ী ও তাদের মেয়ে গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার মধ্যরাতে গাজীপুরের কালিগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি
(তেতুইবাড়ি) এলাকার নগরভেলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামরুন আক্তার নগরভেলা গ্রামের রডসিমেন্ট ব্যবসায়ী মঞ্জুরুল ইসলামের স্ত্রী এবং
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের মেয়ে। আহত ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম এবং তার বড়
মেয়ে সানজিদা আক্তার মিমকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা
হয়েছে।
শনিবার দুপুরে কালীগঞ্জ সার্কেলের
অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ব্যবসায়ী মঞ্জুরুল ইসলাম নিজ বাড়ির বহুতল ভবন নির্মাণ করছেন। বৃহস্পতিবার
বাড়ীর কাজের জন্য ব্যাংক থেকে ২০ লাখ টাকা
তুলে বাড়িতে রাখেন। শুক্রবার মধ্যরাতে ৫-৬ জনের সশস্ত্র একদল ডাকাত ভেন্টিলেটর ভেঙে
ঘরে প্রবেশ করে।
ডাকাতরা আলমারি ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করার সময় গৃহবধূ কামরুন আক্তার টের পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় ডাকাত সদস্যদের সঙ্গে ব্যবসায়ী মঞ্জুরুল, তার স্ত্রী কামরুন ও মেয়ে মিমের ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ডাকাতরা দা দিয়ে কুপিয়ে তাদের আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা মালামাল লুট করে চলে যায়। তাদের অপর দুই সন্তান অক্ষত ছিল। গুরুতর আহত গৃহবধূ কামরুন আক্তারকে স্থানীয় 'ডিভাইন মার্সি' হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডিভাইন মার্সি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাৎ হোসাইন তুহিন জানান, রাত সোয়া
৪টার দিকে গৃহবধূ কামরুন আক্তারকে হাসপাতালে নিয়ে আসে স্বজন ও স্থানীয়রা। তার মাথায়
ও বুকে আঘাত করায় অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই চিকিৎসাধীন
অবস্থায় তার মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী মঞ্জুরুল ও তার মেয়ে মিমকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাসপাতালে নেওয়ার পর গৃহবধূর মৃত্যু হয়েছে। বড় মেয়েকে ঘাড়ে এবং ব্যবসায়ীকে মাথায় কোপ দিয়েছে। তাদের ঘর থেকে কিছু নিয়ে যেতে পারেনি। ঘরের সোফা সেটের উপর ২৪ হাজার টাকা, আলমারির ভেতরে প্রায় দেড় থেকে দুই লাখ টাকা এবং ৫-৬ লাখ টাকা মূল্যের স্বর্ণ রয়েছে।
তিনি আরো বলেন, এটা ডাকাতি না অন্য কিছু এখনো বলা যাচ্ছে না। আলামত সংগ্রহ করে ঘটনাটি
গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক
টিম কাজ করছে। পরিবারের লোকজন নিহত ও আহতদের নিয়ে ব্যস্ত থাকায় এখনো মামলা দায়ের হয়নি।