নবজাতককে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে জন্ম নেওয়া শিশুটি শুক্রবার মারা গেছে।
একইদিন সকাল সাড়ে আটটার দিকে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন এক নারী।
জন্মের পর ওই ছাউনিতেউ পড়ে ছিল সদ্যোজাত শিশুটি। কিন্তু তাৎক্ষণিকভাবে শিশুটিকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়নি এমন অভিযোগ স্থানীয়দের।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে যান বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
তার উদ্যোগে সংকটাপন্ন নবজাতককে দ্রুত বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা শাহীন বলেন, সন্তান প্রসবের পরও দুই ঘণ্টার বেশি সময় শিশুটি কোনো প্রাথমিক চিকিৎসা বা প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পায়নি। পরে প্রশাসনের কর্মকর্তারা এসে শিশুটিকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
ঘটনাটি শুধু একটি নবজাতকের মৃত্যুর খবর নয়, বরং একজন অসহায় নারীর পাশে সমাজ কতটা দাঁড়াতে পেরেছে, সেই প্রশ্নও সামনে এনেছে।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৩৮ বছর বয়সী ওই নারী দীর্ঘদিন ধরে রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় থাকতেন। তার স্বজন বা পরিবারের বিষয়ে তাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।
তারা বলেন, সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। খবর পেয়ে ইউএনও আসমা উল হুসনার সঙ্গে ঘটনাস্থলে যান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নবজাতকের অবস্থা সংকটাপন্ন দেখে ইউএনওর নিজস্ব গাড়িতে করে দ্রুত তাকে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা শিশুটিকে মৃত ঘোষণা করেন বলেও জানান তারা।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, জন্মের পর প্রয়োজনীয় পরিচর্যা ও উষ্ণতা নিশ্চিত না হওয়া এবং দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকার কারণে শিশুটির শরীরের তাপমাত্রা কমে হাইপোথারমিয়া তৈরি হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে, বলেন তারা।
সচেতন মহলের দাবি, বিষয়টি জানার পর দ্রুত প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে যান এবং নবজাতককে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।
তিনি বলেন, একজন মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন এমন খবর পাওয়ার পরও যদি কেউ সহযোগিতার জন্য এগিয়ে না আসেন, সেটি অত্যন্ত দুঃখজনক। প্রত্যক্ষদর্শীদের উচিত ছিল দ্রুত প্রশাসন বা স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করা।