রোহিঙ্গাবোঝাই নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হয়। ছবি: ভিডিও থেকে
কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জেলেরা। তবে অন্তত আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন।
শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া নৌকাঘাটসংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান।
উদ্ধারকারী জেলেরা জানিয়েছেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে নৌকাটি ডুবে যায়।
আব্দুল মান্নান জানান, সীমান্তের ওপারে মিয়ানমারের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষের কারণে তারা বাংলাদেশে পালিয়ে আসার সময় শাহপরীরদ্বীপ উপকূলে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয় জেলেরা তাদের উদ্ধার করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ার জেলে মো. ইসমাইল বলেন, “সকালে ৩১ আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যায়। আমরা ১৮ জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে আরও ১৩ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে নারী বা শিশু নেই।”
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “শাহপরীরদ্বীপ এলাকায় একটি রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। কী কারণে তারা বাংলাদেশে এসেছে, তা যাচাই করে পরে বিস্তারিত জানানো হবে।”